২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আজ ফুল খেলবার দিন নয়: ফখরুল

বিএনপির নতুন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতা-কর্মীরদের ‘আজ ফুল খেলবার দিন নয়’ বলে লড়াই-সংগ্রামের কথা স্মরণ করিয়ে দিয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2016, 04:58 PM

Updated : 12 Apr 2022, 01:44 AM

দীর্ঘ পাঁচ বছরের অপেক্ষা শেষে মহাসচিবের ভারপ্রাপ্ত দায়িত্ব থেকে পদোন্নতির পরদিন বৃহস্পতিবার সকালে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে গেলে নেতা-কর্মীরা তাকে অভিনন্দন জানান।

এসময় ফখরুল বলেন, “অনেকে আমাদের শুভেচ্ছা জানাতে ফুল নিয়ে এসেছেন। কিন্তু দুভার্গ্য আমাদের আজ ফুল খেলবার দিন নয়। আমরা গণতন্ত্রের জন্য যে সংগ্রাম-লডাই করছি, সেই সংগ্রামের আমাদের অসংখ্য নেতা-কর্মী নিহত হয়েছেন। আমাদের অসংখ্য নেতা-কর্মী গ্রেপ্তার হয়েছেন। সারা বাংলাদেশে এখন একটা ত্রাসের রাজত্ব চলছে।”

কাউন্সিলের ১১ দিন পর বুধবার সকালে বিএনপির মহাসচিব ঘোষণার পর পরই নাশকতার দুটি মামলায় ফখরুলকে কারাগারে পাঠায় ঢাকার আদালত।তবে আইনজীবীদের পুনর্বিবেচনার আবেদনে চার ঘণ্টা পর জামিনে ছাড়া পান তিনি।

একই দিন ঢাকার আদালত অবরোধের মধ্যে যাত্রাবাড়ীতে বাসে পেট্রলবোমা ছুড়ে মানুষ হত্যার ঘটনায় করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ ২৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

এই প্রেক্ষাপটে বামপন্থী কবি সুভাষ মুখোপাধ্যায়ের ‘মে-দিনের কবিতা’র প্রথম দুই লাইন ‘প্রিয়, ফুল খেলবার দিন নয় অদ্য/ ধ্বংসের মুখোমুখী আমরা’ অবলম্বনে ওই মন্তব্য করেন সাবেক বাম ছাত্র নেতা ফখরুল।

বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদের ভোটের দিন ঢাকার কেরাণীগঞ্জে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হওয়ার কথা তুলে ধরে বিএনপির মুখপাত্র বলেন, “সারা দেশে একটা ত্রাস, এরকম একটা সন্ত্রাস ও এরকম নৈরাজ্য চলছে। সেই প্রেক্ষিতে স্বাভাবিকভাবে আমাদের নেতা-কর্মীদের আবেগ-উচ্ছাসের প্রতি সম্পূর্ণ সহমর্মিতা জানিয়েও আমরা আনন্দ-উচ্ছ্বাস করতে পারছি না।” 

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় নয়া পল্টনের কার্যালয়ে আসার পর দলের নেতাকর্মীরা নতুন মহাসচিবকে ফুল দিয়ে বরণ করেন।