বিএনপির ‘তামাশার’ কাউন্সিলে যাওয়ার যুক্তি নেই: হানিফ
কাউন্সিলের নামে বিএনপি তামাশা করেছে বলে মন্তব্য করে আওয়ামী লীগ নেতা মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, ওই কাউন্সিল দেখতে যাওয়ার কোনো যুক্তি ছিল না।
শনিবার বিকালে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “বিএনপির কাউন্সিল নিয়ে দেশের মানুষের মধ্যে কোনো আগ্রহ ছিল না। কেননা কাউন্সিলের আগেই তারা নেতা নির্বাচন করেছে। বিএনপি কোনো গণতান্ত্রিক দলের মধ্যে পড়ে না।
“তাহলে এই কাউন্সিলের গুরুত্ব কী থাকতে পারে? এর মধ্য দিয়ে বিএনপির এই কাউন্সিল তামাশায় পরিণত হয়েছে। আর এই লোক দেখানো তামশার কাউন্সিল দেখতে যাওয়ার কোনো যুক্তি নেই।”
পঞ্চম কাউন্সিলের ছয় বছর পর শনিবার সকালে রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিএনপির ষষ্ঠ কাউন্সিল শুরু হয়। এতে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামকে আমন্ত্রণ হয়েছিল।
কাউন্সিলে দেশ পরিচালনার রূপরেখা দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে হটাতে দেশবাসীকে জেগে ওঠার আহ্বান জানান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
পাঁচ বছর ক্ষমতার বাইরে থাকার পর ভোট বর্জন করে সংসদ থেকেও ছিটকে পড়া বিএনপির উঠে দাঁড়ানো নিয়ে আওয়ামী লীগ নেতাদের সংশয়ের মধ্যে দলীয় নেতা-কর্মীদের ক্ষমতায় ফেরার আশাও দেখান তিনি।
ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কাউন্সিলে বিএনপি ‘পাকিস্তানি ভাবধারা’ থেকে বেরিয়ে জাতির কাছে ক্ষমা চাইবে- জাতি এমন আশা করেছিল বলে মন্তব্য করেন হানিফ।
“পাকিস্তানি ভাবধারা থেকে বেরিয়ে এসে বিএনপি বিগত দিনগুলোর খুন, হত্যাসহ সকল প্রকার অপরাজনীতির জন্য আজকে বক্তব্য দিয়ে জাতির কাছে ক্ষমা চাইবেন বলে জাতি আশা করছিল।
“কিন্তু আজকের খালেদা জিয়ার বক্তব্যে আশা করার মতো কিছু নেই। যুদ্ধাপরাধী নিয়ে বিএনপি ও খালেদা জিয়ার অবস্থান কী তা স্পষ্ট করেননি। এর মধ্য দিয়ে আবার প্রমাণ করল পাকিস্তানি ভাবধারা, অসুস্থ রাজনীতি ও যুদ্ধাপরাধীদের কাছ থেকে উনি বের হতে পারেননি।”
খালেদা জিয়ার সরকারের সঙ্গে দলটির সংলাপের আহ্বানের বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, “দেশে সংলাপ হয় কোনো সংকট হলে। এখন দেশে এমন কোনো সংকট নাই যে কারও সাথে সংলাপে বসতে হবে। সংকট আছে বিএনপির মধ্যে। তাদের সংকট নিরসনের জন্য আমাদের সাথে সংলাপের কী আছে।”
কাউন্সিলে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিটি পুনরায় তুলে ধরে তা নিয়ে আলোচনায় আসতে সরকারের প্রতি আবারও আহ্বান জানান খালেদা।
ইউনিয়ন পরিষদের তৃতীয় ধাপের নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়নে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদেরের সভাপতিত্বে বৈঠক শেষে তালিকা প্রকাশের জন্য এ সংবাদ সম্মেলন করা হয়।
তৃতীয় ধাপে আগামী ২৩ এপ্রিল অনুষ্ঠেয় ৬৮৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে।
সংবাদ সম্মেলনে এর মধ্যে ৬০৯টিতে দল মনোনীত চেয়ারম্যান প্রার্থীর তালিকা প্রকাশ করেন হানিফ।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদ আ ফ ম বাহাউদ্দিন নাসিম, দপ্তর সম্পাদক আব্দুস সুবহান গোলাপ, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ ও কেন্দ্রীয় সদস্য সুজিত রায় নন্দী।
