২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থ লোপাটের ‘নেপথ্যের নায়কদের’ রক্ষার চেষ্টা: বিএনপি

গভর্নর ও দুই ডেপুটি গভর্নরকে সরিয়ে দিয়ে আট কোটি ডলার চুরির ‘নেপথ্য নায়কদের’ আড়াল করার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2016, 02:00 PM

Updated : 12 Apr 2022, 01:38 AM

ঘটনার এক মাসেরও বেশি সময় পর অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা দায়েরকেও ‘রহস্যজনক’ বলছে দলটি।  

বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “ডিজিটাল সরকারের আমলে এহেন ডিজিটাল চুরি বিশ্বের মানুষকে হতবাক করে দিয়েছে। এই টাকা হ্যাকিংয়ের কারিগর কারা সেটা চিনতে জনগণের অসুবিধা হচ্ছে না। ক্ষমতাসীন গোষ্ঠীর উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গ যে জড়িত তা জাতির কাছে একেবারেই সুস্পষ্ট।

“ঘটনা ঘটার ৪০ দিন পর অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করা হচ্ছে। এটা অত্যন্ত রহস্যজনক। তাহলে কী আসল অপরাধীদের পার করে দেওয়ার চেষ্টা করছে সরকার?”

গত ৪ ফেব্রুয়ারি সুইফট ম্যাসেজিং সিস্টেমে হ্যাকিংয়ের মাধ্যমে ভুয়া বার্তা পাঠিয়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ৮১ মিলিয়ন ডলার হাতিয়ে নেওয়া হয়।

২৯ ফেব্রুয়ারি ফিলিপিন্সের একটি পত্রিকার প্রতিবেদনের মাধ্যমে বিষয়টি জানাজানি হয়। অর্থ লোপাট ও তার তথ্য গোপন নিয়ে চাপের মুখে মঙ্গলবার গভর্নরের পদ ছাড়েন আতিউর। পরে কেন্দ্রীয় ব্যাংকের দুই ডেপুটি গভর্নরকেও দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।

এ প্রসঙ্গ টেনে রিজভী বলেন, “গভর্নরের পদত্যাগ ও দুইজন ডেপুটি গভর্নরের অপসারণের মধ্য দিয়ে নেপথ্যের ‘গডফাদারদের’ লুকিয়ে রাখা যাবে না। অপকর্ম-অপকীর্তি বেশি দিন বস্তাবন্দি করে রাখা যায় না।

“এই বিশ্বায়নের যুগে প্রতিদিন কোনো না কোনো ফাঁক দিয়ে নেপথ্যের নায়কদের আসল চেহারা মানুষের কাছে স্পষ্ট হচ্ছে। কারণ সামাজিক গণমাধ্যমকে ওই ভাবে নিয়ন্ত্রণ করা যায় না।”

বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরি নিয়ে আলোচনার মধ্যেই রাষ্ট্রায়ত্ত্ব তিতাস গ্যাস কোম্পানির তিন হাজার ১০০ কোটি টাকা লোপাটের খবর পত্রিকায় এসেছে বলে জানান বিএনপি নেতা রিজভী।

তিনি বলেন, “সারা দেশ এখন লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে, ক্ষমতাচ্যুত হওয়ার আগেই তারা জনগণের টাকা আত্মসাৎ করে রাখছে, যাতে পালানোর মতো পরিস্থিতি সৃষ্টি হলে এই টাকাগুলো কাজে লাগে।”

পুরনো খবর:

গভর্নর পদ ছাড়তে হল আতিউরকে