সরকার ত্রাসের রাজত্ব কায়েম করেছে: বিএনপি
সরকার ভিন্নমত পোষণকারীদের দমন-নিপীড়নের মাধ্যমে ভীতিকর পরিস্থিতি করে দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার বিকালে এক স্মরণসভায় তিনি বলেন, “বিএনপি নয়, ২০ দল নয়, যারাই প্রতিবাদ করছে, যারাই ভিন্নমত পোষণ করছে, তাদের সকলকে এখন সরকার বন্ধ করে দিচ্ছে, আটকিয়ে দিচ্ছে, মিথ্য মামলা দিচ্ছে।
“অসংখ্য মিথ্যা মামলা দিয়ে এমন এক পরিস্থিতি সৃষ্টি করেছে যে একটা ভীতিকর ও ত্রাসের রাজত্ব সৃষ্টি হয়েছে।”
এই পরিস্থিতিকে ‘ফ্যাসিবাদী’ আখ্যা দিয়ে উত্তরণে সকলকে ‘ঐক্যবদ্ধ’ হওয়ার আহ্বান জানান তিনি।
“এখন বিভক্তির কোনো সুযোগ নেই। আজকে যে সঙ্কট সৃষ্টি হয়েছে, আজকে যে বিপদ এসেছে গণতন্ত্রের ওপরে, দেশের ওপরে। এখানে শুধু বিএনপি ক্ষতিগ্রস্ত হচ্ছে না, সমগ্র দেশ ও জাতি বিপদের সম্মুখীন হয়েছে। সেজন্য আমাদের আজকে ঐক্যবদ্ধ হয়ে সাহসের সঙ্গে এই অবস্থার মোকাবিলা করতে হবে।”
রাজধানীর কাফরুলে আবদুল হালিম ফাউন্ডেশন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে মহানগরের প্রয়াত যুগ্ম আহ্বায়ক আলী আজগরের স্মরণে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়।
গত ১৬ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান এই বিএনপি নেতা।
বিএনপির কাফরুল থানার সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন মতিনের সভাপতিত্বে আলোচনা সভায় দলের অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আবদুস সালাম, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আবুল খায়ের ভুঁইয়া, মহানগর যুগ্ম আহ্বায়ক কাজী আবুল বাশার, ইউনুস মৃধা, স্থানীয় নেতা রুহুল আমিন আকিল, আহসান আহসান, আমেনা বেগম, জিল্লুর রহমান, একরাম বাবুল মাহবুবুর রহমান মুনির ও প্রয়াত আলী আজগর মাতবরের ছোট ভাই আলী হানিফ বক্তব্য রাখেন।
পরে প্রয়াত নেতার আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ ও বিশেষ মোনাজাত হয়।
