২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যেখানে ‘বাধা’ সেখানে নতুন তফসিলের দাবি বিএনপির

ইউনিয়ন পরিষদ নির্বাচনে যেসব স্থানে বাধার কারণে বিরোধীদলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারেনি, সেখানে নতুন করে নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2016, 04:12 PM

Updated : 20 Aug 2022, 12:00 PM

সোমবার রাজধানীতে এক আলোচনা সভায় দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেন, “ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য যারা নির্বাচনী অফিসে গিয়েছিল, সেই অফিস পর্যন্ত যারা পৌঁছতে পারেননি, সেই নির্বাচন নতুন করে করা হোক।

“আমরা দাবি করছি, যেসব জায়গায় যারা (ক্ষমতাসীন) জোর করে একক প্রার্থী হয়েছেন, সেই প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন নিজস্ব ক্ষমতা দিয়ে নতুন করে সেখানে নির্বাচন করার প্রক্রিয়া করুক।”

জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘জাতীয়তাবাদী দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলন’ নামে একটি সংগঠনের উদ্যোগে ‘মুক্তিযুদ্ধের শহীদ জিয়াউর রহমান ও আজকের বাংলাদেশ’ শীর্ষক এই আলোচনা সভা হয়।

দলের জাতীয় কাউন্সিলের জন্য এখনও স্থান না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করে নোমান বলেন, “এখন পর্যন্ত আমাদের সুনির্দিষ্টভাবে সরকার স্থান দিচ্ছে না। না দেওয়ার কারণ তাদের (সরকার) মধ্যে ভয়।

“…সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ দর্শক-ডেলিগেট এসে এই কাউন্সিল দেখবে- এই উপলিব্ধি থেকে তারা মনে করছে, এটা একটা ভীতির কারণ। সেখানে বিএনপির নেতাকর্মী, হাজার হাজার মানুষের উপস্থিতি- এই মানুষকে সরকার ভয় পায়।”

সরকারের বিরুদ্ধে গণমাধ্যম নিয়ন্ত্রণের অভিযোগ করে সোমবার সংসদে দুটি জাতীয় পত্রিকার সম্পাদক সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের সমালোচনা করেন আবদুল্লাহ আল নোমান।

তিনি বলেন, “প্রথম আলো ও ডেইলি স্টার- এই দুই সম্পাদকের সাথে উনাদের বেশ খাতির ছিল। হঠাৎ করে এই সম্পর্কে ছেদ পড়ল কেন, আমরা বুঝতে পারছি না।

“আমরা বলতে চাই, ভিন্ন চিন্তা, ভিন্ন বক্তব্য থাকতে পারে, তবে সেখানে আইনও আছে, সে আইনে ভিন্নমত যদি বেআইনি হয়, তাহলে তার বিচার হতে পারে। কিন্তু আজকে এগুলো বলে সংবাদপত্রের স্বাধীনতা হরণ করা, সাংবাদিকদের ইচ্ছায়, লেখায় প্রতিবন্ধকতা সৃষ্টি করার যে অপচেষ্টা, পরোক্ষভাবে তা জনগণকে দমানো।”

আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য হেলেন জেরিন খান প্রমুখ।