২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নির্বাচন কারচুপিতে বৈজ্ঞানিকভাবে বিশেষজ্ঞ আ. লীগ’

ক্ষমতাসীন দল আওয়ামী লীগ নির্বাচনকে ‘প্রহসনে’ পরিণত করেছে মন্তব্য করে চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ সূক্ষ্ম কৌশলে বৈজ্ঞানিক উপায়ে নির্বাচনে কারচুপিতে বিশেষজ্ঞ হয়ে উঠছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2016, 10:07 PM

Updated : 20 Aug 2022, 11:57 AM

শুক্রবার চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থি আইনজীবী ঐক্য পরিষদ থেকে নবনির্বাচিত নেতারা তার মেহেদীবাগের বাসায় দেখা করতে গেলে তিনি এ কথা বলেন।

আমির খসরু বলেন, “আওয়ামী লীগ চায়, নির্বাচনের বিষয়টি জনগণ আস্তে আস্তে ভুলে যাক। তাই তারা নির্বাচনকে একটা প্রহসনে পরিণত করেছে।

“আওয়ামী লীগ সূক্ষ্ম কৌশলে বৈজ্ঞানিক উপায়ে নির্বাচন কারচুপিতে বিশেষজ্ঞ হয়ে উঠছে।”

এর আগে বিকালে বিএনপি’র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নির্বাচনের কমিশনের (ইসি) প্রতি ‘পক্ষপাতিত্বের’ অভিযোগ এনে বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে ক্ষমতাসীনদের ‘একচেটিয়াভাবে’ জয়ী করাতে কাজ করছে ইসি।

বর্তমান পরিস্থিতিকে ‘বৈরী' আখ্যায়িত করে বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ এর মধ্যেও জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থি আইনজীবীদের বিজয়কে ‘কিছুটা সুখের’ বলে সন্তোষ প্রকাশ করেন।

দেশে বর্তমানে কোনো আইনের শাসন নেই বলেও মন্তব্য করে সাবেক মন্ত্রী আমীর খসরু।

“দেশে রুদ্ধশ্বাস অবস্থা বিরাজ করছে। গুম-খুনে দেশ ছেয়ে গেছে। মানুষের বাঁচার কোনো পথ খোলা রাখেনি এ সরকার। দেশে কোনো আইনের শাসন নেই। ফলে গুম-খুন পাল্লা দিয়ে বাড়ছে। দেশে রুদ্ধশ্বাস অবস্থা বিরাজ করছে।”

আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে নবনির্বাচিত বিএনপিপন্থি আইনজীবীদের সাক্ষাতে অন্যদের মধ্যে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইন, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আসলাম চৌধুরী, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি কফিল উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি এইচ এস আবুল হাসান, মফিজুল হক ভুঁইয়া ও সেকান্দর বাদশা উপস্থিত ছিলেন।