সরকার কী করছে: খালেদা
পঞ্চগড়ে হিন্দু পুরোহিত হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে জনগণের নিরাপত্তায় সরকারের পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
এই হত্যাকাণ্ড ‘অশুভ ভবিষ্যতের’ বার্তা দেয় বলেও সতর্ক করেছেন তিনি।
গত রোববার পঞ্চগড়ের দেবীগঞ্জ সদরে শ্রী শ্রী সন্ত গৌড়ীয় মঠের প্রধান পুরোহিত যগেশ্বর রায়কে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা।
এ প্রসঙ্গে মঙ্গলবার এক বিবৃতিতে খালেদা জিয়া বলেন, “সাম্প্রতিক সময়ে ইতালীয় নাগরিক তাভেল্লা হত্যাকাণ্ড থেকে শুরু হয়েছে এই নিষ্ঠুরতম বর্বর পরিকল্পনার যাত্রা, তা গত পরশু দিন পঞ্চগড়ের দেবীগঞ্জে গিয়ে পৌঁছেছে। এই বর্বর পরিকল্পনার শিকার হয়েছেন যেমন বিদেশি নাগরিক, তেমনি আছেন দেশে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ ও ধর্মাচার্য, ব্লগার, প্রকাশসহ বেশ কিছু মানুষ।
“অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, আমরা যেন জাতির গোরস্থানের ওপর দিয়ে হেঁটে যাচ্ছি। এই চূড়ান্ত দুঃসময়ে জনমনে একটাই প্রশ্ন জেগেছে, সরকার কী করছে?”
দেশে একের পর এক হত্যাকাণ্ড ঘটলেও রক্তপাত থামাতে সরকারের কোনো উদ্যোগ নেই বলে মনে করেন বিএনপি প্রধান।
“দেশে চরমপন্থি জঙ্গি অন্ধশক্তির উত্থান নির্মম মধ্যযুগীয় রক্তপাত থামাতে ভোটারবিহীন সরকারের কোনো উদ্যোগ নেই। কয়েকমাস ধরে একের পর এক হত্যাকাণ্ডের বিষয়ে সরকার নির্বিকার, হত্যাকাণ্ডের কোনো সুরাহাই করতে পারেনি,” দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিবৃতিতে বলেন খালেদা।
খুনিদের না ধরে সরকার উল্টো তার দলের নেতাকর্মীদের হয়রানি করছে বলেও অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন।
তিনি বলেন, “এই প্রাণবিনাশী আক্রমণ প্রতিহত করে প্রকৃত দুস্কৃতিকারীদের ধরা তো দূরে থাক, উল্টো ঘটনা ঘটার সাথে সাথেই বিএনপিসহ বিরোধী দলের ওপর দোষ চাপানো ও নেতা-কর্মীদের নামে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ এনে মামলায় জড়ানো হচ্ছে।”
শুধুই রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে আওয়াম লীগ নেতারা বিএনপির বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ করেন বলে দাবি বিএনপি নেত্রীর।
“অথচ বিএনপি আমলে জঙ্গিদের নির্মূলে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছিল। দ্রুত তৎপরতার মাধ্যমে জঙ্গিদের ধরে শাস্তির ব্যবস্থা করা হয়েছিল,” বলেন তিনি।
বর্তমানে দেশে ‘গণতন্ত্র না থাকায়’ জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠছে মন্তব্য করে তিনি বলেন, “এই শক্তিকে প্রতিহত করতে না পারলে জাতি হিসেবে বাংলাদেশিরা ভাবনা-চিন্তাহীন, কল্পনাহীন ও স্বপ্নহীন হয়ে পড়বে। আমরা মনে করি, আবহমান কালের সামাজিক ঐক্য ও সংহতির ঐতিহ্য বিনষ্টকারী এই সাম্প্রতিক নৃশংসতা বিদ্যমান দুঃশাসনের পরিণতি।”
যগেশ্বর রায় হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বিএনপি প্রধান।
নিহতের আত্মার শান্তি এবং মঠে আহত পূজারিদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।
