নিজেদের উন্নয়নে প্রকল্পের ব্যয় বাড়াচ্ছে সরকার: হান্নান
দেশের উন্নয়নের নামে আওয়ামী লীগ সরকার বিভিন্ন প্রকল্পের ব্যয় বাড়িয়ে সেখান থেকে ‘কমিশন’ খেয়ে নিজেদের উন্নয়ন করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আসম হান্নান শাহ।
সোমবার এক আলোচনা সভায় তিনি বলেন, “এই সরকার বলে, প্রথমে উন্নয়ন তারপর গণতন্ত্র। বাংলাদেশে উন্নয়নটা কি? এই রাস্তাঘাট বানানো, সেটার উন্নয়ন না বর্তমানে যারা সরকারের আছেন, তাদের নিজেদের উন্নয়ন।”
এসময় চার লেনের সড়ক প্রকল্পের কাজ নির্ধারিত সময়ে শেষ না করে গাজীপুর-ময়মনসিংহে ব্যয় দ্বিগুণ এবং ঢাকা-চট্টগ্রামে চারগুণ করার উদাহরণ তুলে ধরেন হান্নান শাহ।
“এভাবে দেশের উন্নয়নের নামে আওয়ামী লীগ সরকারের কর্তাব্যক্তিরা নিজেদের উন্নয়ন করছেন, কমিশন গুণছেন।”
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, “এ সরকার উন্নয়নের নাম করে কমিশন ব্যবসা করছে। ১০ টাকার জিনিস ১০০ টাকা দেখিয়ে ৯০ টাকার যে ভাগ সেটার ৫০ পারসেন্ট তুমি নাও, ৫০ পারসেন্ট আমি নিই।”
জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে খালেদা জিয়া ও বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও কারাবন্দি নেতা মির্জা আব্বাসের মুক্তির দাবিতে এই আলোচনা সভা হয়।
মিথ্যা মামলা দায়েরের জন্য সরকার ও প্রশাসনকে অভিযুক্ত করে বিএনপি নেতা হান্নান বলেন, “চারজন একসঙ্গে বসে আলাপ করছে, বলবেন, নাশকতামূলক আলোচনা করছে- ব্যস গ্রেপ্তার। সম্মানিত বিচারক সাহেব আর দেখবেনও না। উনারা আমাদের বিরুদ্ধে মামলা দিয়ে দিলেন।
রাজনৈতিক মামলা প্রত্যাহারের ক্ষেত্রে ক্ষমতাসীনরা ‘দ্বৈতনীতি’ অনুসরণ করছে বলেও তিনি অভিযোগ করেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘দেশের বড় নেতা’ অভিহিত করে সাবেক এই সেনা কর্মকর্তা বলেন, “উনিতো (বঙ্গবন্ধু) জাতির পিতা ছিলেন, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ছিলেন।
“উনি নিজের দল সম্পর্কে বলে গেছেন, ‘ডানে চোর, বায়ে চোর, যে দিকে দেখি সব চোর’। বিএনপিতো তখন ছিল না, আমরা ছিলাম না। উনার ডানে-বামে আওয়ামী লীগই ছিল।
“স্বাধীনতার পর বিভিন্ন দেশ থেকে যত ত্রাণসামগ্রী আসতো সব ভারতের কলকাতার বাজারে চলে যেত। তখন আওয়ামী লীগের নেতারা এতো রমরমা ব্যবসা করেছিলেন যে মওলানা ভাসানী তার তীব্র নিন্দা করেছিলেন, যার জন্য তাকে গৃহবন্দি করে রাখা হয়েছিল।”
‘ধানের শীষ মার্কা সমর্থক গোষ্ঠী’র সভাপতি আকবর হোসেন ভুঁইয়া নান্টুর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, তথ্য ও গবেষণা বিষয়ক সহ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, ঢাকা মহানগর শাখার নেতা ইউনুস মৃধা ও যুব দলের কেন্দ্রীয় নেতা জিএস বাবুল বক্তব্য রাখেন।
