মৃত্যুবার্ষিকীতে কাজী আরেফকে স্মরণ
সপ্তদশ মৃত্যুবার্ষিকীতে স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক ও জাসদের সাবেক কার্যকরি সভাপতি কাজী আরেফ আহমেদকে স্মরণ করেছেন তার স্বজন ও রাজনৈতিক অনুসারীরা।
বুধবার সেগুনবাগিচায় মুক্তিযুদ্ধ জাদুঘরে কাজী আরেফ স্মরণে কাজী আরেফ পরিষদের আলোচনা সভায় জাসদ সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া বলেন, “কাজী আরেফ দেশ ও জাতি গঠনে যে অবদান রেখেছেন, জাতি তাকে আজীবন শ্রদ্ধাভরে স্মরণ করবে।”
আইনজীবী জেড আই খান পান্না বলেন, মুক্তিযুদ্ধের স্বপ্ন প্রথমদিকে যারা দেখেছিলেন সেই অল্প সংখ্যক লোকের মধ্যে কাজী আরেফ একজন। তারা যখন স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন তখন অনেকেই দেখেননি।
মুক্তিযোদ্ধা সংসদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আবদুল আহাদ চৌধুরী বলেন, যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিতের দাবি আদায়ের আন্দোলনে কাজী আরেফ ও আব্দুর রাজ্জাকের ভূমিকা চিরস্মরনীয়। মুক্তিযোদ্ধারা এখন যতটুকু সম্মান পাচ্ছেন তা আদায়ে তারা চেষ্টা করেছেন।
কাজী আরেফের অবদানের স্বীকৃতি দেওয়া না হলে তা হবে দুঃখজনক হবে বলেও মন্তব্য করেন তিনি।
১৯৯৯ সালের ১৬ ফেব্রুয়ারি বিকালে কুষ্টিয়ার দৌলতপুরের কালিদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জনসভায় ব্রাশফায়ারে হত্যা করা হয়েছিল কাজী আরেফকে।
ওই হত্যামামলার চূড়ান্ত নিষ্পত্তির পর গত ৭ জানুয়ারি তিন খুনির ফাঁসির রায় কার্যকর হয়।
