মাহমুদুরের মুক্তি: প্রধান বিচারপতির হস্তক্ষেপ চায় বিএনপি
আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান ‘সব মামলায়’ জামিন পেলেও নতুন মামলায় তাকে গ্রেপ্তার দেখানোয় উদ্বেগ প্রকাশ করে তার মুক্তির বিষয়ে প্রধান বিচারপতির হস্তক্ষেপ চেয়েছে বিএনপি।
সোমবার দুপুরে এক জরুরি সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সর্বোচ্চ আদালতের কাছে এই আবেদন জানান।
তিনি বলেন, “মাহমুদুর রহমান সব মামলায় উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পরও তাকে আটকে রাখার জন্য সরকার একের পর এক বেড়াজাল নির্মাণ করে চলেছে।
“তাকে অবিলম্বে মুক্তি দেওয়ার জন্য আমরা মাননীয় প্রধান বিচারপতির হস্তক্ষেপ কামনা করছি; এছাড়া আমাদের বলার কিছু নেই।”
আগের দিন প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে করা এক মামলায় হাই কোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে মাহমুদুর রহমানের জামিন বহাল রাখে।
মাহমুদুর রহমান তার বিরুদ্ধে অন্য মামলাগুলোতেও জামিন পাওয়ায় এখন তার মুক্তিতে আইনগত কোনো বাধা নেই বলে রোববার জানিয়েছিলেন তার আইনজীবী সালেহ উদ্দিন।
রিজভী বলেন, “আমরা দেখেছি, আইনের পক্ষে, ন্যায়ের পক্ষে, সংবিধানের পক্ষে মাননীয় প্রধান বিচারপতি অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন; একমাত্র তিনিই ভরসার স্থল।
“তার কাছেই আমরা আবেদন করলাম; তার হস্তক্ষেপেই মাহমুদুর রহমানের মুক্তি নিশ্চিত হতে পারে।”
রিজভী অভিযোগ করেন, সব মামলায় জামিন পাওয়ার পরও মানহানির এক মামলায় আদালতে হাজির করার পরোয়ানা রোববার পর্যন্ত প্রত্যাহার না করে দুই সপ্তাহ ধরে অন্যায়ভাবে মাহমুদুর রহমানকে আটকে রাখে সরকার।
“আজ যখন মাহমুদুর রহমানের মুক্তি পাওয়ার কথা, ঠিক সেই মুহূর্তে তাকে অভিযুক্ত দেখিয়ে নতুন আরেকটি মামলায় আটকে রাখা হলো।”
দুই সপ্তাহ ধরে পরোয়ানা প্রত্যাহার না করাকে ‘গভীর চক্রান্ত’ আখ্যায়িত করে বিএনপির এই নেতা বলেন, “সরকারের নির্দেশে সিএমএম (মহানগর মুখ্য হাকিম) এহেন গভীর চক্রান্তের অংশীদার হলেন।”
সরকার ‘সত্য বলা’ মানুষদের ভয় করে দাবি করে রিজভী বলেন, “মাহমুদুর রহমানের মতো একজন সৎ ও স্পষ্টভাষী মানুষকে শক্র মনে করে সরকার। এটাই স্বাভাবিক- যারা সত্য কথা বলবে, তারা সরকারের বিরাগভাজন হবে।
“আমি আগেও বলেছি, এদেশে মৃত মানুষ ছাড়া কারো সত্য কথা বলার অধিকার নেই।”
দীর্ঘদিন কারাভোগে নির্যাতনের ফলে মাহমুদুর রহমান গুরুতর অসুস্থ দাবি করে বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, “তার চোয়ালে ব্যথা অসহনীয় হয়ে উঠেছে; ওজন সাড়ে ১৪ কেজি হ্রাস পেয়েছে। এরকম পরিস্থিতিতে তার স্বাস্থ্যগত আরো চরম অবণতি আশঙ্কা করছি আমরা।”
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক বিচারকের স্কাইপ কথোপকথন পত্রিকায় প্রকাশের ঘটনায় ২০১২ সালের ১৩ ডিসেম্বর ঢাকার সিএমএম আদালতে মাহমুদুর রহমান ও পত্রিকাটির প্রকাশক মো. হাসমত আলীর বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়।
এই মামলাসহ তার বিরুদ্ধে বিভিন্ন আইনে অন্তত ৭০টি মামলা রয়েছে। ২০১৩ সালের ১১ এপ্রিল গ্রেপ্তার হওয়ার পর থেকেই মাহমুদুর রহমান কারাগারে আছেন।
জাতীয়তাবাদী যুব দলের সাংগঠনিক সম্পাদক আকম মোজাম্মেলকে গতকাল (রোববার) রাতে মুগদা থেকে পুলিশ গ্রেপ্তার করার নিন্দা জানিয়ে অবিলম্বে তার মুক্তি দাবি করেন রিজভী।
নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, কেন্দ্রীয় নেতা খায়রুল কবির খোকন, নাজিম উদ্দিন আলম, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আবদুল লতিফ জনি, শাহ নুরুল কবির শাহিন, মাসুদ অরুন ও রফিক শিকদার উপস্থিত ছিলেন।
