বিএনপি ভাঙ্গার ষড়যন্ত্র সফল হবে না: মোশাররফ
সরকার বিএনপি ভাঙ্গার ‘ষড়যন্ত্র’ চালিয়ে যাচ্ছে অভিযোগ করে তা সফল হবে না দাবি করেছেন দলটির নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন।
সোমবার সন্ধ্যায় রাজধানীতে এক আলোচনা সভায় বিভিন্ন সরকারের সময়ে বিএনপির বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ কথাও তুলে ধরেন তিনি, যাকে জড়িয়ে রোববার একটি জাতীয় দৈনিকে দলটিতে বিভক্তি সংক্রান্ত খবর ছাপা হয়।
রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে এ সভা আয়োজন করে দলটি।
আগামী ১৯ জানুয়ারি জিয়ার ৮০তম জন্মদিন। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল ১০টায় শেরেবাংলা নগরে জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন বেগম খালেদা জিয়াসহ জ্যেষ্ঠ নেতারা।
সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, “এইচ এম এরশাদের সময় হুদা-মতিন বিএনপি করে দলকে নিশ্চিহ্ন করে দেওয়ার ষড়যন্ত্র হয়েছিল, সেটা সফল হয় নাই। সেসময় আমাদের আজকের কাণ্ডারি বেগম খালেদা জিয়া এসে মূলধারার বিএনপির ঝাণ্ডা তুলে ধরেছিলেন।
“১/১১ নামে একটা অদ্ভুদ ধরনের সরকারের সময়েও বেগম খালেদা জিয়াকে মাইনাসের উদ্দেশ্য নিয়ে শহীদ জিয়া পরিবার, তার দল ও দলের সিনিয়র নেতাদের কীভাবে নির্যাতন করা হয়েছিল। আজকেও জাতীয়তাবাদী দলকে নিশ্চিহ্ন বা দুর্বল করার জন্য নানা রকম ষড়যন্ত্র চলছে।”
বিএনপিকে ফিনিক্স পাখির সঙ্গে তুলনা করতে চাই- মন্তব্য করে তিনি বলেন, “এটা গ্রিক একটা উপখ্যান। এই পাখি যেসব উপকরণ দিয়ে বাসা বানায়, পাখিটা মারা গেলেও সেখান একটা ডিম থাকলেও ওই পাখির জন্ম হয়। এই পাখিকে গুলি করলে তার প্রতিটি রক্ত বিন্দু থেকে এক-একটা ফিনিক্সের জন্ম হয়। ওই পাখির মতোই এই বিএনপি।”
ওই প্রতিবেদনের প্রসঙ্গ তুলে সদ্য কারামুক্ত বিএনপি নেতা মোশাররফ বলেন, “একটি পত্রিকায় আমাকে জড়িয়ে বানোয়াট, মিথ্যা ও কল্পকাহিনীর সংবাদ প্রকাশিত হয়েছে। কী কল্পকাহিনী- আমি না কি নেতৃত্ব দিয়ে বিএনপিকে বিভক্ত করে ফেলব।
“আমরা কী ভুলে গেছি হুদা-মতিন দলকে বিভক্ত করতে পারে নাই; ১১ বছরের মহাসচিব মান্নান ভূঁইয়া সাহেব পারে নাই। এখন ড. মোশাররফ সাহেব তিনদিনের মধ্যে পারবে? এটা কী বিশ্বাস যোগ্য কথা?”
এভাবে সরকার ‘বিভ্রান্তি সৃষ্টি’ করে বিএনপিকে দুর্বল করার ‘ষড়যন্ত্র’ করছে মন্তব্য করে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “দেশে আজ গণতন্ত্র নেই। শহীদ প্রেসিডেন্ট জিয়া দেশে যে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে গেছেন, তা ফিরিয়ে আনার জন্য আজ আমাদের শপথ নিতে হবে।”
বিএনপি আজ ‘মিথ্যাচারের শিকার’ মন্তব্য করে সভায় দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য মওদুদ আহমদ বলেন, “এই দলের সঠিক নির্দেশনা, যেটা জিয়াউর রহমান দিয়ে গেছেন, তার ওপর ভিত্তি করে এই দলকে সমৃদ্ধ করতে হবে। আজ আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হচ্ছে গণতন্ত্রকে ফিরিয়ে আনা।”
সভাপতির বক্তব্যের বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদেরকে বাংলাদেশি জাতীয়তাবাদে একটি স্বতন্ত্র পরিচিত দিয়েছিলেন। জাতিকে বিভক্তি না করে ঐক্যবদ্ধ করেছিলেন। কিন্তু দুর্ভাগ্য আমাদের মুক্তিযুদ্ধের চেতনা গণতন্ত্রের চেতনা আওয়ামী লীগের হাতে নিহত হল।”
দেশের সব ক্ষেত্রের উন্নয়নেই জিয়াউর রহমানের অবদান থাকার দাবি জানিয়ে তিনি বলেন, “শুধুমাত্র কথার কথা নয়, রাজনীতির জন্য নয়, সত্যিকার অর্থে জিয়াউর রহমানকে আমাদের স্মরণ করতে হবে। তার দর্শন ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে।”
‘আসল বিএনপির’ নেতা হিসেবে পরিচিত কামরুল হাসান নাসিমকে ‘টোকাই’ আখ্যা দিয়ে সভায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “আজ এক সাংবাদিক বন্ধু বললেন, গতকাল জনতার ধাওয়া খেয়ে চলে যাওয়ার ঘটনায় তাদের না কি ক্ষতি হয়েছে।
“ক্ষতিপূরণ বাবদ আমার কাছে ৩৩ লাখ টাকা চেয়েছেন; না দিতে পারলে না কি মামলা করবেন। আমাদের মহাসচিবের যদি একশ’র ওপরে মামলা থাকে, আমার যদি ৫৬/৫৭টা মামলা থাকে। পথকলির মামলায় আমরা ভয় করতে পারি।”
সভায় প্রয়াত জিয়াউর রহমানের জীবন-কর্মের ওপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমান, শাহ জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এম আমিনুল ইসলাম, অর্থনীতিবিদ মাহবুবউল্লাহ ও সাংবাদিক শফিক রেহমান বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে দলের কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সেলিমা রহমান, শামসুজ্জামান দুদু, এজেডএম জাহিদ হোসেন, আহমেদ আজম খান, ফজলুল হক মিলন, আসাদুজ্জামান রিপন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, নুরী আরা সাফা, শিরিন সুলতানা, কাজী আবুল বাশার, আনোয়ার হোসেন, হাফেজ আবদুল মালেক ও শাহ নেসারুল হক।
