বিএনপিকে নিয়ে আর চিন্তা নেই: কাদের
বিএনপি সরকারবিরোধী আন্দোলনের সক্ষমতা হারিয়েছে মন্তব্য করে আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের বলেছেন, তাদের নিয়ে এখন আর ভাবছেন না তারা।
তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে মুক্তমনা লেখক-ব্লগার হত্যা এবং সাম্প্রদায়িক হামলার প্রেক্ষাপটে ধর্মীয় উগ্রবাদকে আওয়ামী লীগ চ্যালেঞ্জ হিসেবে দেখছে বলে জানিয়েছেন তিনি।
শনিবার দলটির ঢাকা মহানগর শাখার বর্ধিত সভায় ওবায়দুল কাদের বলেন, “বিএনপির আন্দোলন এখন আওয়ামী লীগের জন্য দুশ্চিন্তার কারণ নয়। কারণ, গত সাত বছরে প্রমাণ হয়েছে, তারা আন্দোলনের সক্ষমতা হারিয়ে ফেলেছে।
“তাদের এখন আন্দোলন করার শক্তি নেই, সামর্থ্য নেই, সাহস নেই এবং জনসমর্থন নেই। কাজেই বিএনপি আন্দোলন করবে- এমন দুশ্চিন্তা এখন আমাদের মাথায় নেই।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, “সাম্প্রদায়িক উগ্রবাদ মোকাবেলাই হচ্ছে আমাদের চ্যালেঞ্জ। তা মোকাবেলা জন্য ১১ জানুয়ারি জনসভায় আমাদের অঙ্গীকার এবং শপথ নিতে হবে।”
“আমাদের শপথ হলো উগ্রবাদ রুখতে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলব,” বলেন সড়ক পরিবহন মন্ত্রী কাদের।
১০ জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ১১ জানুয়ারি আওয়ামী লীগের জনসভা সফল করতে ওই বর্ধিত সভা আয়োজন করা হয়।
১০ জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ওই জনসভা করার কথা থাকলেও বিশ্ব ইজতেমার কারণে পরদিন বিকালে তা করবে আওয়ামী লীগ।
জনসভায় প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার থাকার কথা রয়েছে।
বিএনপির আন্দোলনে এখন ‘মরা গাঙ্গে জোয়ার আসবে না’ মন্তব্য করে ওবায়দুল বলেন, “আমাদের এখন কাজ ঐক্যবদ্ধ থাকা। ‘আওয়ামী লীগের’ ক্ষতি যেন ‘আওয়ামী লীগ’ করতে না পারে।
“তাহলে বাইরের কোনো শত্রু আমাদের ক্ষতি করতে পারবে না। তাই আমরা আমাদের নেত্রীর (শেখ হাসিনা) নেতৃত্বে যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকব।”
ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজিজের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ড. আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ ও ত্রাণ বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী।
