বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানে যেতে দেওয়া হবে না: কামরুল
মুক্তিযুদ্ধ নিয়ে কটাক্ষ করায় বিএনপিকে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যেতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি বলেন, যারা মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে সংশয় প্রকাশ করেছে, বুদ্ধিজীবীদের নিয়ে বিতর্ক সৃষ্টি করেছে, তাদের ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যেতে দেওয়া যায় না।
“তারা সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করতে পারবে না। যে উদ্যানে পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করেছিল, সেটা বিএনপির জন্য উন্মুক্ত থাকতে পারে না।”
৫ জানুয়ারি গণতন্ত্র রক্ষা দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধ মহাজোট সন্তান কমান্ড এ মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে ‘বিএনপির সঙ্গে জঙ্গিবাদের এখনো যোগাযোগ আছে’ বলেও মন্তব্য করেন কামরুল।
“বিএনপি গণতন্ত্রের পথে ফিরে আসার চেষ্টা করছে, কিন্তু তাদের বিশ্বাস করা যায় না। তারা মুখে গণতন্ত্রের কথা বললেও ভেতরে ভেতরে সন্ত্রাসী কর্মকাণ্ডে মদদ দিচ্ছে।
“৫ জানুয়ারির আগে দেড় কোটি টাকাসহ এক জামায়াত নেতা গ্রেপ্তার হয়েছে- এর সঙ্গে বিএনপির সম্পৃক্ততা রয়েছে। গোয়েন্দাদের কাছে তথ্য আছে, তারা (বিএনপি-জামায়াত) আবারও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে পারে।”
মুক্তিযুদ্ধ মহাজোট সন্তান কমান্ডের সভাপতি মো. বেলায়েত হোসেন, কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মনিরুল হক, ভাইস চেয়ারম্যান সালাহউদ্দিন আহমেদ ও মহাসচিব নাজমুল হাসান পাখি এসময় উপস্থিত ছিলেন।
