ভোট বিতর্কিত করতেই বিএনপির অভিযোগ: খালিদ
অধিকাংশ এলাকায় পৌর ভোট শান্তিপূর্ণভাবে হচ্ছে দাবি করে আওয়ামী লীগ নেতা খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচনকে বিতর্কিত করতেই অনিয়মের অভিযোগ তুলছে বিএনপি।
বুধবার ২৩৪টি পৌরসভায় ভোট শুরুর পর দলীয় সভানেত্রীর কার্যালয়ে সাংবাদিকদের সামনে একথা বলেন তিনি।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ বলেন, “দুয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া অধিকাংশ এলাকায় শান্তিপূর্ণভাবে ভোট চলছে। পৌর নির্বাচন নিয়ে বিএনপির উদ্দেশ্যে হচ্ছে বিশৃঙ্খলা তৈরি করা।”
এই অভিযোগের জবাবে খালিদ বলেন, “আজ সূর্য উঠার সঙ্গে সঙ্গে বিএনপির পক্ষ থেকে নির্বাচনবিরোধী বক্তব্য দেওয়া হচ্ছে। বিএনপি মূলত নির্বাচন করতে আসেনি, নির্বাচনকে বিতর্কিত করাটাই তাদের উদ্দেশ্য।
“বিদেশিদের সামনে নির্বাচন নিয়ে বিভিন্ন অভিযোগ তুলে ধরতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পূর্বঘোষিত যে এজেন্ডা নিয়েছেন- তা বাস্তবায়ন করতেই তারা এ ধরনের বিতর্কিত কথা বলে যাচ্ছে।”
সকাল ৮টা থেকে দেশজুড়ে সাড়ে ৩ হাজার কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। এর দুঘণ্টার মধ্যে ব্যালটে সিল মেরে বাক্স ভর্তি করার অভিযোগ ও সংঘর্ষের কারণে মধ্যে সাতটি পৌরসভার দশ কেন্দ্রে ভোট স্থগিত করা হয়।
১২ হাজারের বেশি প্রার্থীর মধ্য থেকে তিন সহস্রাধিক জনপ্রতিনিধি নির্বাচনে বিকাল ৪টা পর্যন্ত ভোট দেবেন ৭০ লাখ ৯৯ হাজার ১৪৪ পৌরবাসী।
