পৌরভোট: ৭ সাংগঠনিক সম্পাদককে দায়িত্ব দিল বিএনপি
পৌর নির্বাচনে দলীয় প্রার্থীদের প্রচার কার্যক্রম তদারকির জন্য সাত সাংগঠনিক সম্পাদককে দায়িত্ব দিয়েছে বিএনপি।
বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বুধবার দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে বৈঠকে সাংগঠনিক সম্পাদকদের কাছে দলের ২৩১ জন পৌর মেয়র প্রার্থীর তালিকা দেওয়া হয়।
আগামী ৩০ ডিসেম্বর ২৩৪ পৌরসভায় ভোটের দিন রয়েছে। হুমকি ও বাধার কারণে দুটি আসনে বিএনপির প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারেননি বলে দলটির অভিযোগ।
এছাড়া একটি আসন ২০ দলীয় জোটের শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টিকে ছেড়ে দিয়েছে বিএনপি।
বৈঠকে দলীয় প্রার্থীদের প্রচারণায় সহযোগিতা এবং পৌরসভা সংশ্লিষ্ট নেতাদের সঙ্গে যোগাযোগের জন্য সাংগঠনিক সম্পাদকদের নির্দেশনা দেওয়া হয় বলে কয়েকজন নেতা জানান।
বৈঠকে যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান, সাংগঠনিক সম্পাদকদের মধ্যে ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত ফজলুল হক মিলন, বরিশালের দায়িত্বপ্রাপ্ত মজিবুর রহমান সারোয়ার, খুলনার দায়িত্বপ্রাপ্ত মশিউর রহমান, রংপুরের দায়িত্বপ্রাপ্ত আসাদুল হাবিব দুলু, সহ সাংগঠনিক সম্পাদকদের মধ্যে চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত আসলাম চৌধুরী, সিলেটের দায়িত্বপ্রাপ্ত সাখাওয়াত হাসান জীবন, পৌর নির্বাচন পরিচালনার সঙ্গে সংযুক্ত দলের সহ প্রচার সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এবং সহদপ্তর সম্পাদক শামীমুর রহমান শামীম উপস্থিত ছিলেন।
