পৌর নির্বাচনে বিএনপির ‘দূরভিসন্ধি’ থাকতে পারে: হানিফ
পৌর নির্বাচনকে ‘বিতর্কিত করতে’ শেষ সময়ে বিএনপি সরে দাঁড়াতে পারে মন্তব্য করে আওয়ামী লীগ নেতা মাহবুব-উল আলম হানিফ বলেছেন, হয়তো কোনো ‘দূরভিসন্ধি’ নিয়েই দলটি ভোটে এসেছে।
বুধবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, “আপনারা (বিএনপি) কোনো দূরভিসন্ধিমূলক উদ্দেশ্য নিয়ে পৌর নির্বাচনে এসেছেন কিনা- এটা জাতির কাছে পরিষ্কার নয়। আপনাদের কথা-বার্তা নিয়ে জাতির সন্দেহ হয়।
“নির্বাচনকে বিতর্কিত করতে নতুন কোনো নীলনকশা পাকাচ্ছেন কিনা, আপনাদের অনেকেই শেষ সময়ে নির্বাচনে যাবে কিনা, কথাবার্তায় এ নিয়ে সন্দেহ হয়।”
‘আওয়ামী লীগ জঙ্গিবাদ সৃষ্টি করেছে’- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার এমন বক্তব্যের জবাবে হানিফ বলেন, “এটা ভূতের মুখে রাম নাম ছাড়া আর কিছু না। এর চেয়ে হাস্যকর মিথ্যাচার হতে পারে বলে আমি মনে করি না।”
খালেদা জিয়ার শাসনামলে বাংলা ভাইয়ের উত্থান, ৬৩ জেলায় একযোগে বোমা হামলা, সিলেটের শাহজালাল (রা) মাজারে বোমা হামলা ও ২১ অগাস্ট গ্রেনেড হামলার প্রসঙ্গ টেনে এসব ঘটনার পেছনে ‘তৎকালীন সরকারের পৃষ্ঠপোষকতা ছিল’ বলে সংবাদ সম্মেলনে মন্তব্য করেন ক্ষমতাসীন আওয়ামী লীগের এই যুগ্ম-সাধারণ সম্পাদক।
হানিফ বলেন, “তার সরকারের ছত্রছায়া ও পৃষ্ঠপোষকতায় দেশে এসব জঙ্গিবাদী ঘটনা ঘটেছে। আর এখন তিনি (খালেদা) বলছেন, আওয়ামী লীগ নাকি জঙ্গি সৃষ্টি করেছে, বিএনপি করেনি।”
তিনি বলেন, “খালেদা জিয়া বলেছিলেন, বাংলা ভাই নাকি মিডিয়ার সৃষ্টি। আর এখন তিনি বলছেন, এটা মিডিয়ার সৃষ্টি ছিল না। বাস্তবিক পক্ষে বেগম খালেদা জিয়া নিজেই জঙ্গিবাদ সৃষ্টি ও সন্ত্রাসের মদদ দিয়েছেন, এটা দিবালোকের মত পরিষ্কার।”
মঙ্গলবার রাতে গুলশানে নিজ কার্যালয়ে এক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেন, আওয়ামী লীগ থাকলে দেশে জঙ্গিবাদের উত্থান হয়।
সরকারবিরোধী আন্দোলন চলাকালে বিভিন্ন সময়ে গুলিবিদ্ধ ছাত্রদল নেতাকর্মীদের আর্থিক অনুদান দিতে আয়োজিত ওই অনুষ্ঠানে র্যাব মহাপরিচালক বেনজীর আহমেদকে ‘মানুষখেকো’ বলে আখ্যায়িত করেন বিএনপিনেত্রী।
র্যাব মহাপরিচালক নিয়ে এ ধরনের মন্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগ নেতা হানিফ বলেন, “অবাক হয়ে লক্ষ্য করলাম, খালেদা জিয়া র্যাব মহাপরিচালক সম্পর্কে যা বলেছেন। সরাসরি নাম ধরে একজন রাজনৈতিক দলের শীর্ষ নেতা কেন এ ধরনের আক্রমণমূলক কথা বলেছেন, তা আমাদের বোধগম্য নয়।
“২০০৪ সালে আওয়ামী লীগ নেতাকর্মীদের হত্যা ও নির্মূল করার সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে র্যাব তৈরি করে খালেদা জিয়া বর্তমানে এই বাহিনীর ফাঁদে পড়ে বিষোদগার করছেন।”
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, ত্রাণ বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ডাবলু, উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম কুমার উকিল, কেন্দ্রীয় সদস্য আমিনুল ইসলাম আমিন, সুজিত রায় নন্দী প্রমুখ উপস্থিত ছিলেন।
