২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিপিবির মনজুরুলকে হত্যার হুমকি

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমের পর এবার দলটির সাবেক সভাপতি মনজুরুল আহসান খানকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2015, 01:25 AM

Updated : 25 Apr 2022, 02:16 PM

মঙ্গলবার সন্ধ্যায় মনজুরুল আহসানের স্ত্রী তাজিন সুলতানার মোবাইলে কল করে সিপিবির উপদেষ্টামণ্ডলীর এই সদস্যকে হত্যার হুমকি দেওয়া হয় বলে দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, “৭টা ২৩ মিনিটে ল্যান্ডফোন নম্বর থেকে তাজিন সুলতানার মোবাইলে ফোন করে একজন বলেন, ‘আমি মনজুরুল আহসান খানকে হত্যা করতে চাই’।”

পরে একই নম্বর থেকে আরও কয়েকবার ওই নম্বরে ফোন দেওয়া হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

ঘটনার পর তাজিন সুলতানা রাতে নগরীর পল্টন থানায় একটি জিডি করেছেন।

এর আগে গত শনিবার এক ইমেইলে সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমকে হত্যার হুমকি দেওয়া হয়। হুমকি দাতা নিজাম উদ্দিন নিজেকে পরিচয় দেন ‘মিশন জিহাদ’ এর আমির হিসেবে।

সেলিমের আগে সিপিবির সভাপতি ছিলেন মঞ্জুরুল আহসান খান। একাত্তরে মুক্তিযুদ্ধে ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়ন যৌথ গেরিলা বাহিনীর কমান্ডার ছিলেন মঞ্জুরুল। বিভিন্ন সময় একাধিক শ্রমিক সংগঠনের নেতৃত্ব দেন তিনি।