২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যারা প্রশ্ন তোলে তাদের চেয়ে নিরাপদ বাংলাদেশ: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশ নিরাপত্তা নিয়ে যেসব দেশ প্রশ্ন তোলে বাংলাদেশ তাদের চেয়ে বেশি নিরাপদ বলে দাবি করেছেন বাণিজমন্ত্রী তোফায়েল আহমেদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2015, 07:24 PM

Updated : 12 Oct 2022, 04:39 PM

মঙ্গলবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশে কোনো নিরাপত্তা সঙ্কট নেই। যারা বাংলাদেশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন, আজ তাদের থেকে বাংলাদেশ বেশি নিরাপদ।

“বাংলাদেশ পাকিস্তান থেকে অর্থনৈতিক, সামাজিকসহ সকল ক্ষেত্রে এগিয়ে রয়েছে। মা ও শিশুদের কল্যাণে বর্তমান সরকার আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। দুটি দেশের তুলনায় বাংলাদেশে মা ও শিশুর মৃত্যুহারও কম।”

তোফায়েল বলেন, একসময় যারা বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলেছিল, তারাই বাংলাদেশকে বলছেন ‘মিরাকল’।  বাংলাদেশ এখন আর তলাবিহীন ঝুড়ি বা ঘুর্ণিঝড়ের দেশ নয়, সম্ভাবনার দেশ।

“বাংলাদেশের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে দেশি-বিদেশি অনেক প্রচেষ্টা চালানো হয়েছে। কোনো বাধাই দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে পারেনি।”

নেসলে নিউট্রিশন ইনস্টিটিউট আয়োজিত ‘পোস্ট গ্রাজুয়েশন প্রোগ্রাম অন পেডিয়াট্রিক নিউট্রিশন’ শীর্ষক সম্মাননা প্রকল্পের সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী।

হলি ফেমিলি রেডক্রিসেন্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মনিরুজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে সমাবর্তন কক্তা হিসেবে বক্তব্য ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য  ও সমাজ কল্যাণবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী।