২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্রষ্টা ভাসানীকে কেন স্মরণ করে না আওয়ামী লীগ: দুদু

দলের প্রতিষ্ঠাতা সভাপতি মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকীতে আওয়ামী লীগের কোনো কর্মসূচি না থাকার সমালোচনা করেছেন বিএনপি নেতা শামসুজ্জামান দুদু।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2015, 01:37 AM

Updated : 22 Aug 2022, 01:59 PM

ভাসানীর ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বুধবার এক আলোচনা সভায় তিনি বলেন, “ভাসানী আওয়ামী লীগের সষ্ট্রা। আওয়ামী লীগে কেন জানি ভাসানীকে সহ্য করতে পারে না। এটা জাতির জন্য দুর্ভাগ্যজনক।”

মওলানা ভাসানীর জন্ম ও মৃত্যুবার্ষিকী সরকারিভাবে পালনের দাবিও জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা দুদু।

জাতীয় প্রেস ক্লাবে বিএনপি আয়োজিত আলোচনা সভায় আওয়ামী লীগ থেকে বেরিয়ে ভাসানীর গড়া দল ন্যাপের এক সময়ের নেতা ও বিএনপির বর্তমান ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানও বক্তব্য রাখেন।

নোমান বলেন, মুক্তিযুদ্ধের চেতনার কথা বললেও ক্ষমতাসীন আওয়ামী লীগ ‘স্বাধীনতাবিরোধী’ কাজ করছে। বর্তমান সরকারের আমলে অনেক মুক্তিযোদ্ধা অবহেলিত ও নিপীড়িত হচ্ছে।

“আজ স্বাধীনতার চেতনার কথা বলে স্বাধীনতাবিরোধী কাজ করছে শাসকগোষ্ঠী আওয়ামী লীগ। আমরা তাদের বলতে চাই, যারা মুক্তিযুদ্ধের চেতনার বিপক্ষে আছে, তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম অবিরামভাবে চলছে, অবিরামভাবে চলবে।”

বিএনপি নেতা-কর্মীদের গ্রেপ্তার-হয়রানির প্রতিবাদ জানিয়ে নোমান বলেন, “শাসক-শোষক যত বেশি নিপীড়ন করে, তত বেশি মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। ক্ষোভের যে আগুন এক সময় দাউ দাউ করে জ্বলে উঠে, সেই ধরনের একটি পরিস্থিতি আজ বিদ্যমান।”

আলোচনা সভায় বিএনপি নেতা সেলিমা রহমান, সাংবাদিক এরশাদ মজুমদার, সাবেক ছাত্রনেতা নজমুল হক নান্নু, ছড়াকার আবু সালেহ, বিএনপির যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ প্রচার সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, মহিলা দলের সভাপতি নূরে আরা সাফা, সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, জাসাস সাধারণ সম্পাদক মনির খানসহ অন্যরা বক্তব্য রাখেন।