২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমাদের মৌলিক অধিকার নেই: নোমান

বিএনপি নেতাদের গ্রেপ্তার ও মামলা দিয়ে হয়রানির অভিযোগ তুলে দলটির নেতা আবদুল্লাহ আল নোমান বলেছেন, সরকার তাদের মৌলিক অধিকার হরণ করেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2015, 10:45 PM

Updated : 22 Aug 2022, 01:55 PM

সরকারের কাছে রাজনীতিবিদদের ‘কোনো মর্যাদা’ নেই দাবি করে তিনি বলেছেন, “রাজনীতিবিদদের এখন আগে গ্রেপ্তার করে পরে মামলা দেওয়া হচ্ছে। একজনের বিরুদ্ধে একশ-দেড়শ মামলা।”

ক্ষমতা টিকিয়ে রাখতে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার সংবিধানবিরোধী কার্যক্রম করছে বলেও অভিযোগ করেন বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান নোমান।

তিনি বলেন, “আমাদের যে সংবিধান রয়েছে, সেই সংবিধানে আইনের শাসন প্রতিষ্ঠা হওয়ার কথা, কিন্তু এখন তা নেই। সংবিধানে জনগণের যে ক্ষমতা ও আমাদের মৌলিক অধিকার তা আমরা ভোগ করতে পারছি না।”

নিজের দাবির পক্ষে যুক্তি দিয়ে নোমান বলেন, “আমাদের নেতারা কারাগারে। আমরা যারা বাইরে মামলায় আছি, আমাদের বিরুদ্ধে সেই সিটি করপোরেশনের ময়লার গাড়ি থেকে শুরু করে চুরি-ডাকাতির কোনো মামলা বাদ নেই।”

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কারাবন্দি নেতাদের মুক্তি দাবিতে রোববার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক আলোচনা সভায় বক্তব্যে এসব বলেন তিনি।

সরকারকে ‘কর্তৃত্ববাদী’ আখ্যা দিয়ে এই বিএনপি নেতা বলেন, “তারা বিরোধী নেতা-কর্মীদের শুধু কারাগারে আবদ্ধ রেখে শান্তি পাচ্ছে না, এখন তারা গুম-খুন করছে।”

“একজনকে গুম-খুন করে আজকে হাজারো মানুষের সামনে উপস্থিত হচ্ছে এমন স্বৈরাচারী মূর্তি নিয়ে যে, আমরা গণতন্ত্র বুঝি না, আমরা ক্ষমতা বুঝি। সেই ক্ষমতা টিকিয়ে রাখতে হলে গুম-খুন করতে হবে। গুলি করে পা ফেলে দিতে হবে এবং হাজার হাজার নেতা-কর্মীকে নির্যাতন করে শেষ করে দিতে হবে।”

পাকিস্তান আমলেও একজন রাজনীতিককে যে সম্মান দেওয়া হতো এখন তা দেওয়া হচ্ছে না বলে দাবি করেন আব্দুল্লাহ আল নোমান।

“আমরা যারা পাকিস্তান আমলে দেশরক্ষা নিরাপত্তা আইনে গ্রেপ্তার হয়ে জেলে ছিলাম। দেখা গেছে, গ্রেপ্তারের তিনমাস পরে একজন অফিসার গিয়ে আমাদের জিজ্ঞাসা করত সুবিধা-অসুবিধার কথা, বন্ড সই দিয়ে বের হব কি না। খুব সন্মানের সঙ্গেই সেই কথা বলত তারা।”

জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বিএনপির যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ঢাকা জেলা মহিলা দলের সভানেত্রী সাবিনা ইয়াসমীন, ধামরাইয়ের সাবেক ছাত্রদল নেতা শাহীনুর রহমান শাহিন বক্তব্য রাখেন।