২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নূর হোসেন র‌্যাবের হাতে কেন: মোয়াজ্জেম

নারায়ণগঞ্জে সাতখুনে যে বাহিনীর সদস্যদের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে সেই র‌্যাবের হাতে ওই হত্যাকাণ্ডের প্রধান আসামি নূর হোসেনকে কেন দেওয়া হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি নেতা শাহ মোয়াজ্জেম হোসেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2015, 01:05 AM

Updated : 22 Aug 2022, 01:55 PM

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বৃহস্পতিবার মধ্যরাতে বেনাপোল স্থলবন্দরে নূর হোসেনকে বিজিবির কাছে হস্তান্তর করার পর র‌্যাব হেফাজতে শুক্রবার সকালে তাকে ঢাকায় আনা হয়।

র‌্যাব সদরদপ্তরে স্বাস্থ্য পরীক্ষার পরে নূর হোসেনকে সাত খুনের মামলার তদন্ত কর্মকর্তা মামুনুর রশিদের কাছে হস্তান্তর করা হয়।

এ নিয়ে প্রশ্ন তুলে বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম বলেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে র‌্যাবের কয়েকজন কর্মকর্তার জড়িত থাকার অভিযোগ রয়েছে।

Image
শুক্রবার নূর হোসেনকে নারায়ণগঞ্জের আদালতে তোলা হয়।

শুক্রবার নূর হোসেনকে নারায়ণগঞ্জের আদালতে তোলা হয়।

“সেই র‌্যাবের হাতে কেন নূর হোসেনকে দেওয়া হল আমার জানা নেই। আমার মনে হয়, এতে নিশ্চয় কোনো মাজেজা আছে।”

গত বছর এপ্রিলে সংঘটিত সাতখুনে সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার র‌্যাব-১১ এর তৎকালীন কমান্ডার তারেক সাঈদ মোহাম্মদ ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার মেয়ে জামাই।

এ প্রসঙ্গ টেনে বিএনপি নেতা শাহ মোয়াজ্জেম বলেন, “এই মামলায় র‌্যাবের একজন বড় অফিসার জড়িত, তিনি কারাগারে জামাই আদরে আছেন। তার শ্বশুর মন্ত্রিত্ব করছেন। শুনতে পাই-ওই মন্ত্রীর জামাই কারাগারে বহাল তবিয়তে থেকে অনেক কিছু নিয়ন্ত্রণ করছেন।”

শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আলোচনা সভায় বক্তব্য দেন শাহ মোয়াজ্জেম।

সভায় অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, স্বাধীনতা ফোরামের আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, জিয়া নাগরিক ফোরামের মিয়া মুহাম্মদ আনোয়ার প্রমুখ বক্তব্য দেন।