সরকার অসহায় হয়ে পড়েছে: এরশাদ
প্রকাশক-লেখক-ব্লগার হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের বিষয়ে সরকার ‘অসহায়’ হয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ।
শনিবারের হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রোববার এক বিবৃতিতে এই মন্তব্য করেন জাতীয় পার্টির চেয়ারম্যান।
তিনি বলেন, “আমি গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি,সরকার যেন অসহায় হয়ে পড়েছে।”
সরকার জনগণের জানমালের নিরাপত্তা বিধানে চরমভাবে ব্যর্থ হচ্ছে বলেও অভিযোগ করেন এরশাদ।
“রাজধানীর প্রাণকেন্দ্র শাহবাগে আজিজ সুপার মার্কেটে প্রকাশ্য দিবালোকে একজন প্রকাশককে হত্যা করা হয়েছে। এখন দেখা যাচ্ছে যে খুনিরা নিরাপদ, সাধারণ মানুষ আতঙ্কগ্রস্ত।”
অপরাধীরা ধরা না পড়ায় মানুষের মধ্যে আতঙ্ক বাড়ার পাশাপাশি একই ধরনের ঘটনার প্রবণতা বাড়ছে বলে সরকারকে সতর্ক করেন জাতীয় পার্টির চেয়ারম্যান।
শনিবার দুপুরে রাজধানীর লালমাটিয়ায় শুদ্ধস্বর কার্যালয়ে আহমেদুর রশীদ চৌধুরী টুটুলসহ তিনজনকে কুপিয়ে গুরুতর জখমের ঘটনা ঘটে। এর কয়েক ঘণ্টা পর বিকালে ঢাকার আজিজ সুপার মার্কেটের তৃতীয় তলায় জাগৃতির প্রকাশক ফয়সল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যা করা হয়।
তারা উভয়ই সন্ত্রাসী হামলায় নিহত বিজ্ঞান বিষয়ক লেখক অভিজিৎ রায়ের বইয়ের প্রকাশক।
