২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেলহত্যা দিবসের জনসভা সোমবার

জেলহত্যা দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে সোমবারের জনসভা সফল করতে প্রস্তুতি নিয়েছে আওয়ামী লীগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2015, 07:33 PM

Updated : 22 Aug 2022, 01:43 PM

দিবসটি মঙ্গলবার হলেও সেদিন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশ সফরের সূচি থাকায় আগের দিন সমাবেশ হচ্ছে।

সোমবার বেলা আড়াইটায় শেখ হাসিনার সভাপতিত্বে এ জনসভা অনুষ্ঠিত হবে।

রোববার সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন করে জনসভার প্রস্তুতি ঘুরে দেখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সরকার প্রধানের অভাবনীয় সাফল্যের কারণে এবছর আমরা ব্যাপকভাবে দিবসটি পালন করে জনগণকে আশ্বস্ত করতে চাই, সরকার উন্নয়নের ধারা অব্যাহত রাখবে এবং দেশের উন্নয়নকে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না।”

জনসভা সফল করতে ১৯ অক্টোবব থেকে সব সহযোগী সংগঠনের সঙ্গে প্রস্তুতি সভা করেছে আওয়ামী লীগ।

দলের ঢাকা মহানগর সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় ১০ লাখ মানুষ জমায়েতের করার ঘোষণা দিয়েছেন।

১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর গ্রেপ্তার করা হয় তার ঘনিষ্ঠ চার সহচর, মুক্তিযুদ্ধের শীর্ষ চার সংগঠক সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামানকে।

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর রাজনৈতিক পটপরিবর্তনের মধ্যে ওই বছরের ৩ নভেম্বর রাতে কারাগারে ঢুকে এই চার নেতাকে হত্যা করা হয়।

তারপর থেকে জাতীয় জীবনে কলঙ্কময় এই দিনটিকে ‘জেলহত্যা দিবস’ হিসাবে পালন করা হয়ে আসছে।

জেলহত্যা দিবসে বঙ্গবন্ধু ভবন ও দলের কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের সর্বত্র সংগঠনের শাখা কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলনের পাশাপাশি কালো ব্যাজ ধারণ করবেন নেতা-কর্মীরা।