২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশিদের রেড এলার্টে ‘রাজনীতির গন্ধ’: ইনু

বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলিতে বিদেশিদের প্রতিক্রিয়া রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2015, 04:27 PM

Updated : 25 Apr 2022, 02:03 PM

মঙ্গলবার রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে এক অনুষ্ঠানে তিনি বলেন, “ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর উপর যখন বোমা হামলা হয়েছিল, কিছুদিন আগে যখন খালেদা জিয়ার আগুন-সন্ত্রাস চলেছিল, তখন তো রেড এলার্ট জারি করা হয়নি। এখনকার রেড এলার্টের পেছনে রাজনীতির গন্ধ পাচ্ছি।”

গত এক মাসের মধ্যে ঢাকা ও রংপুরে দুই বিদেশি হত্যাকাণ্ডের পর নিজ নিজ দেশের নাগরিকদের বাংলাদেশে চলাফেরায় সতর্কবার্তা দিয়েছে পশ্চিমা কয়েকটি দেশ।

এসব হত্যাকাণ্ডে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি গোষ্ঠী আইএসের দায় স্বীকারের দাবি উঠলেও বাংলাদেশ সরকার তা নাকচ করেছে।

ইতালীয় নাগরিক চেজারে তাভেল্লা হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে চারজনকে গ্রেপ্তারের পর পুলিশ বলছে, সরকারকে বিপাকে ফেলতে এই বিদেশিকে হত্যা করা হয়েছিল।

রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশি হত্যাকাণ্ডেও জঙ্গি সম্পৃক্ততার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি বলে পুলিশের দাবি।

একদিন আগে বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের বিষয়ে তথ্যমন্ত্রী ইনু বলেন, “বিমানবন্দরে তো আমরা কোনো রেড এলার্ট জারি করিনি; তবুও তারা বলল- রেড এলার্ট জারি হয়েছে।

“আগামী মাসের মধ্যে দেশে তিন হাজার বিদেশি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে আসবে, সেজন্য বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে মাত্র।”

ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) আয়োজিত ‘শিশু সংক্রান্ত বিষয়ে সাংবাদিকতার নীতিমালা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে চলমান পরিস্থিতি নিয়ে কথা বলেন ইনু।