দেশের অগ্রগতি থামাতে ষড়যন্ত্র হচ্ছে: বাণিজ্যমন্ত্রী
দেশের চলমান অগ্রগতি থামিয়ে দিতে ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
রোববার চট্টগ্রাম নগরীর পলো গ্রাউন্ড মাঠে মাসব্যাপী আন্তর্জাতিক ‘উইমেন এক্সপোর’ উদ্বোধনীতে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন।
তিনি বলেন, “সব দিক দিয়ে দেশ এগিয়ে যাচ্ছে। আমাদের এ অগ্রগতিকে বাধাগ্রস্ত করার জন্য বাংলাদেশে এখনো নানান ষড়যন্ত্র আছে।
“যদি তাই না হত তাহলে সারাদেশে সুন্দর ও সফলভাবে পূজা সম্পন্ন হওয়ার পর হঠাৎ আশুরার মিছিলে বোমা মেরে মানুষ হত্যা করার ঘটনা ঘটত না। দুজন বিদেশিকে হত্যা করার ঘটনা ঘটত না।”
বিএনপি-জামায়াতের প্রতি ইঙ্গিত করে তোফায়েল বলেন, “আন্দোলন-সংগ্রামে ব্যর্থ হয়ে, অর্থনৈতিক অগ্রগতি থামাতে ব্যর্থ হয়ে বিশ্বের কাছে বাংলাদেশকে ছোট করার চেষ্টা হচ্ছে। কিন্তু সে চেষ্টা কখনো সফল হবে না।”
চিটাগাং উইমেন চেম্বার অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি কামরুন নাহার মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন।
