২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইমামবাড়ায় হামলা সরকারের ব্যর্থতার উদাহরণ: এরশাদ

পুরান ঢাকার হোসাইনী দালানে তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় বোমা হামলার ঘটনা জনগণের নিরাপত্তা দিতে সরকারের ব্যর্থতার আরেকটি প্রমাণ বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2015, 01:25 AM

Updated : 22 Aug 2022, 01:39 PM

ওই হামলায় জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

শনিবার এক বিবৃতিতে এরশাদ বলেন, “মানুষের জীবনের নিরাপত্তা দিতে সরকার বারবার ব্যর্থ। তাজিয়া মিছিলের প্রস্তুতিতে বোমা হামলার ঘটনা সরকারের ব্যর্থতার আরেকটি উদাহরণ। এই বোমা হামলার ঘটনা আবারও প্রমাণ করেছে সরকার নাগরিক জীবনের নিরাপত্তা দিতে পারবে না।”

আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলের প্রস্তুতি চলাকালে শুক্রবার রাত ১টা ৫৫ মিনিটে পুরান ঢাকার হোসাইনী দালান ইমামবাড়ায় শিয়াদের সমাবেশে বোমা হামলার ঘটনা ঘটে।

পরপর তিনটি হাতবোমার বিস্ফোরণে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন অর্ধশতাধিক।

এরশাদ বলেন, “আমরা সকল ধর্ম ও বর্ণের মানুষ একসাথে মিলেমিশে বসবাস করি। দেশে ইতিপূর্বে কখনও শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিলে হামলার ঘটনা ঘটেনি।

“আমরা দীর্ঘদিন যাবৎ সরকারকে বারবার বলে আসছি যে, দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। সরকার এই পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ।”