২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্থানীয় নির্বাচন: গঠনতন্ত্রে সংশোধন আনবে আওয়ামী লীগ

স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে কাউন্সিলের মাধ্যমে আওয়ামী লীগের গঠনতন্ত্রে সংশোধনী আনা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2015, 05:13 PM

Updated : 25 Apr 2022, 02:02 PM

আওয়ামী লীগের গঠনতন্ত্রে স্থানীয় নির্বাচন কীভাবে হবে এমন কোনো ব্যখ্যা নেই।

শনিবার এ বিষয়ে জানতে চাওয়া হলে মাহবুব-উল আলম হানিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কিছুদিন পরই আওয়ামী লীগের কাউন্সিল হবে ওখানে গঠনতন্ত্রের সংশোধনী আনা হবে।”

স্থানীয় সরকার নির্বাচন দলীয় ভিত্তিতে করতে আইন সংশোধনের প্রস্তাব সম্প্রতি মন্ত্রিসভায় অনুমোদিত হয়। পৌরসভা নির্বাচন কাছাকাছি বলে অধ্যাদেশ জারি করে সংশোধিত আইন কার্যকর করা হবে।

এতদিন ধরে উপজেলা পরিষদ, সিটি করপোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদে নির্দলীয়ভাবে হলেও আইন সংশোধনের পর দলীয় প্রতীকে হবে এসব নির্বাচন, প্রার্থী মনোনয়ন দেবে দলগুলো।

বর্তমানে সংসদ নির্বাচনে দলগুলো প্রার্থী মনোনয়ন দিয়ে থাকে এবং সেই প্রক্রিয়া তাদের গঠনতন্ত্রেও রয়েছে।

বছরের শেষের দিকে আওয়ামী লীগের কাউন্সিল হওয়ার কথা থাকলেও এর আগে স্থানীয় সরকার নির্বাচনের মনোনয়ন দিতে হলে কোনো সমস্যা হবে কিনা জানতে চাইলে হানিফ বলেন, “খুব একটা সমস্যা হবে না।”

দলীয় মনোনয়ন প্রক্রিয়া জেলা উপজেলা অনুযায়ী, নাকী কেন্দ্রীয়ভাবে দেওয়া হবে জানতে চাইলে তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনের মতো সিলেকশন বোর্ড গঠন করে মনোনয়ন দেওয়া হবে।

স্বাধীনতার পর থেকেই বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয়ভাবে কথার নিয়ম চলে এলেও বাস্তবতা ভিন্ন।

২০০৮ সালে চার সিটি করপোরেশনে নির্বাচন একসঙ্গে করার অভিজ্ঞতার পর তখনকার নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেছিলেন, “নির্দলীয় স্থানীয় সরকার নির্বাচন কেবল আইনের পাতাতেই আছে। প্রকারান্তরে দলীয় নির্বাচনই তো হচ্ছে।

“দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন হলে যে কোনো সমস্যার জন্য রাজনৈতিক দলগুলো দায়ী থাকে। কাজেও অনেক সুবিধা হয়।”

চলতি বছরের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সব স্তরের নির্বাচন দলীয়ভাবে করার পক্ষে মত দেন।

পুরনো খবর:

স্থানীয় নির্বাচনের জন্য বদলাতে হবে দলের গঠনতন্ত্রও