লালমনিরহাটে আ. লীগ নেতার ওপর হামলা, আটক ৪
লালমনিরহাটের আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতির ওপর হামলা চালিয়ে তাকে কুপিয়ে আহত করেছে একদল দুর্বৃত্ত।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের চড়িতাবাড়ি এলাকায় কমলাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলীর (৪৫) ওপর এই হামলা হয় বলে আদিতমারী থানার ওসি আব্দুস সোবহান জানান।
ওই ঘটনার পর রাতেই চারজনকে আটক করেছে পুলিশ। এরা হলেন- চড়িতাবাড়ি গ্রামের খালেকের ছেলে মতি মিয়া (৩৫), সিরাজ উদ্দিনের ছেলে নুরল হক (৪৫), মনজুরুল হকের ছেলে সেলিম মিয়া (১৯) ও ওই এলাকার কিসামত চড়িতাবাড়ি গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আব্দুল জলিল মিয়া (২৮)।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ বলছে, রাতে চড়িতাবাড়ি বাজার থেকে মোটর সাইকেলে করে বুড়িরদিঘী বাজারে যাওয়ার সময় একদল দুর্বৃত্ত শওকত আলীকে আটকে তাকে মারধর করে এবং ধারালো অস্ত্র দিয়ে তাকে হত্যার চেষ্টা করে।
এতে শওকতের বাঁ হাত, মাথা ও পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। পরে তার চিৎকারে স্থানীয়রা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন শওকত আলী জানান, তাদের পরিবারের সাথে স্থানীয় মোহাম্মদ আলীর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।
“তারাই আমার বড় ভাই জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সামছুল ইসলাম সুরুজকে হত্যা করেছে। আমার ভাইয়ের খুনিরাই আমাকে হত্যার জন্য হামলা চালিয়েছে।”
হামলার ঘটনার পর রাত সাড়ে ১১টার দিকে ওই এলাকায় অভিযান চালিয়ে চারজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয় বলে ওসি আব্দুস সোবহান জানান।
তিনি বলেন, “হামলায় আর কারা জড়িত, তা বের করে তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।”
