২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি নেতা রশিদুজ্জামান মিল্লাতের খালাসের রায় বাতিল

সম্পদের তথ্য গোপনের মামলায় বিএনপির সাবেক সাংসদ রশিদুজ্জামান মিল্লাতকে হাই কোর্টের দেওয়া খালাসের রায় বাতিল করেছে আপিল বিভাগ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2015, 03:02 PM

Updated : 22 Aug 2022, 01:12 PM

বৃহস্পতিবার বিচারপতি নাজমুন আরা সুলতানার নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চ রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল নিষ্পত্তি করে হাই কোর্টে আপিল পুনঃশুনানির নির্দেশ দেয়।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মোমতাজ উদ্দিন ফকির। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। মিল্লাতের পক্ষে ছিলেন ব্যারিস্টার এম বদরুদ্দোজা বাদল।

পরে খুরশীদ আলম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মিল্লাতকে খালাস দিয়ে হাই কোর্টের দেওয়া পুরো রায় বাতিল হয়েছে। আপিল বিভাগ পুনঃশুনানির নির্দেশ দিয়েছে।

জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০০৭ সালের ৩ জুন রশিদুজ্জামান মিল্লাত, তার স্ত্রী সাবিরা সুরাইয়া এবং ছেলে সাঈদ বিন জামানের বিরুদ্ধে গুলশান থানায় এই মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এতে পাঁচ কোটি এক লাখ ৫৭ হাজার টাকার অসঙ্গতিপূর্ণ আয় এবং দাখিল করা বিবরণীতে চার কোটি ৮২ লাখ পাঁচ হাজার ৬৮৫ টাকার সস্পত্তির হিসাব গোপনের অভিযোগ আনা হয়।

বিচারিক আদালত ২০০৮ সালের ২৯ জানুয়ারি এ মামলার রায়ে মিল্লাতকে দুটি ধারায় এক বছর ও সাত বছরের কারাদণ্ড দেয়।

ওই রায়ের বিরুদ্ধে মিল্লাত আপিল করলে ২০১০ সালের ১৭ অগাস্ট হাই কোর্ট তাকে খালাস দেয়।

রাষ্ট্রপক্ষ ২০১২ সালে হাই কোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে, যার ওপর শুনানি শেষে আপিল আদালত বৃহস্পতিবার আদেশ দিল।

এর আগে একই ধরনের মামলায় আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াকে দেওয়া হাই কোর্টের খালাসের রায় আপিল বিভাগে বাতিল হয়।

অবৈধ সম্পদ অর্জনের দায়ে বিচারিক আদালতের দণ্ড থেকে ব্যারিস্টার নাজমুল হুদাকে দেওয়া হাই কোর্টের খালাসের রায়ও গত ৭ সেপ্টেম্বর আপিল বিভাগ বাতিল করে।