২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘জনগণের রায়েও প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা প্রমাণিত হবে’

শুধু গবেষণা জরিপে নয়, জনগণের রায়েও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনপ্রিয়তার প্রমাণ মিলবে বলে মনে করেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।    

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2015, 07:11 PM

Updated : 22 Aug 2022, 01:11 PM

বুধবার রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মহাজোটের এই মুখপাত্র এ মন্তব্য করেন।

ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) এর জরিপের সূত্র ধরে তিনি বলেন, “তারা সঠিকভাবে জনপ্রিয়তার বিষয়টি স্বীকার করতে বাধ্য হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার রাজনৈতিক দক্ষতা ও দূরদর্শিতার কারণে দিন দিন জনপ্রিয় হচ্ছেন।”

“এই জনপ্রিয়তা আগামী দিনে জনগণের রায়েও প্রমাণিত হবে।”

নাসিম বলেন, “ইউরোপে যখন টালমাটাল অবস্থা, শরণার্থীদের ভিড় দেখা যাচ্ছে; মধ্যপ্রাচ্যে যুদ্ধ বিগ্রহ লেগে যাচ্ছে, জঙ্গি ছেয়ে গেছে। সে সময় তিনি বাংলাদেশকে একটি স্থিতিশীল অবস্থায় রেখেছেন।”

“দক্ষিণ এশিয়ার একটি ছোট দেশ। এই দেশটি তিনি দক্ষতার সঙ্গে পরিচালনা করছেন, যা আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হচ্ছে। আগামী দিনে জনগণের রায়েও এই জনপ্রিয়তা প্রমাণিত হবে।”

মে ও জুন মাসে আড়াই হাজার প্রাপ্তবয়স্ক নারী-পুরুষের উপর চালানো এক মতামত জরিপের ফলাফল সম্প্রতি প্রকাশ করে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা আইআরআই। তাদের হয়ে জরিপটি পরিচালনা করেছে নিয়েলসন-বাংলাদেশ।

জরিপে বাংলাদেশের আগামী নির্বাচন কখন ও কীভাবে হবে, সে বিষয়ে স্পষ্ট বিভাজন থাকলেও ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রতি মানুষের সমর্থন বাড়ছে বলে উঠে এসেছে এতে।

জরিপে অংশগ্রহণকারীদের অধিকাংশই মনে করেন, বাংলাদেশ সঠিক পথে এগোচ্ছে। তবে দুর্নীতিকে তারা চিহ্নিত করেছেন বাংলাদেশের অগ্রগতির পথে সবচেয়ে বড় বাধা হিসেবে। 

সংবাদ সম্মেলনে মন্ত্রী নাসিম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন এবং তাদের দাবি বিবেচনার জন্য আহ্বান জানিয়ে বলেন, “শিক্ষক সমাজ সম্মানিত সমাজ। তাদের যে কোন দাবির প্রতি আমাদের সহানুভূতি রয়েছে।”

তবে শিক্ষা কার্যক্রমে বিঘ্ন না ঘটানোর জন্য শিক্ষকদের প্রতি অনুরোধ জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আপনারা এভাবে কর্মসূচি পালন না করে, শিক্ষা কার্যক্রমে বিঘ্ন না ঘটিয়ে সরকারের সঙ্গে আলোচনা করে সমাধান করুন।”