২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উন্নয়ন সমাজতন্ত্রে, মাওয়ের পথে: ইনু

সমাজতান্ত্রিক নেতা মাও সে তুংয়ের আদর্শ অনুসরণ করে চীন যেভাবে সাম্রাজ্যবাদের মোকাবেলা করে উন্নয়নের পথে এগিয়েছে, বাংলাদেশকেও একইভাবে জঙ্গিবাদের মোকাবেলা করে উন্নয়নের পথে হাঁটতে হবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2015, 06:35 PM

Updated : 25 Apr 2022, 01:50 PM

বুধবার জাতীয় প্রেসক্লাবে চীনা বিপ্লবের নায়ক মাও সে তুংয়ের ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, “বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশকে উন্নত করতে হলে সমাজতন্ত্রের পথ অনুসরণ করতে হবে। এখনও যেসব বৈষম্য রয়ে গেছে তা দূর করতে মাও সে তুংয়ের আদর্শ অনুসরণের বিকল্প নেই।”

বক্তব্যের বড় অংশ জুড়ে দুই দেশের রাজনৈতিক পরিস্থিতি ও উন্নয়ন চিন্তার তুলনা করেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু।

‘বৈজ্ঞানিক সমাজতন্ত্রের’ স্লোগানধারী জাসদ সভাপতি বলেন, “চীনা সমাজতন্ত্র অনেক আঁকাবাকা পথে হাঁটলেও তাদের লক্ষ্য স্থির ছিল। তাই শেষ পর্যন্ত তারা সফল হয়েছে। চীন যে রকম সাম্রাজ্যবাদকে মোকাবেলা করে উন্নতির পথে এগুচ্ছে, বাংলাদেশকেও জঙ্গিবাদকে মোকাবেলা করে উন্নয়নের পথে এগিয়ে যেতে হবে।

“চীন যেভাবে সমাজতন্ত্রের পথে হেঁটে সমৃদ্ধির দেখা পেয়েছে, বাংলাদেশকেও অংশগ্রহণমূলক গণতন্ত্র ও সামাজিক অর্থনীতির পথে হেঁটে লক্ষ্যে পৌঁছতে হবে। এক্ষেত্রে জঙ্গিবাদকে ধ্বংস করে অংশগ্রহণমূলক গণতন্ত্র ও সামাজিক অর্থনীতির পথ অনুসরণ করতে হবে।”

ইনু বলেন, “মাও সে তুং আজকের বিশ্বেও অত্যন্ত প্রাসঙ্গিক। তার মৃত্যুর পর ওয়াশিংটন পোস্টের মন্তব্য প্রতিবেদনে তাকে ‘লাস্ট জায়ান্ট অব দ্য সেঞ্চুরি’ উল্লেখ করে যে প্রতিবেদনটি ছাপিয়েছিল এটাই তার প্রমাণ। যারা সাম্রাজ্যবাদ, সামন্তবাদ ও আধা সামন্তবাদের মধ্যে আটকা পড়েছেন, তাদের মুক্তির জন্য মাওয়ের আদর্শ অনুসরণের বিকল্প নেই।”

বাংলাদেশের রাজনীতিবিদদের সবার মাও সে তুংয়ের জীবনী ও আদর্শ পাঠ করা প্রয়োজন বলে মনে করেন তিনি।

বাংলাদেশের সাম্যবাদী দলের (এমএল) সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক দেলোয়ার হোসেন, ঢাকায় চীনের রাষ্ট্রদূত মা মিং চিয়াং বক্তব্য দেন।

বর্তমান বিশ্বের সংকট মোকাবেলায় মাও সে তুংয়ের দর্শন কাজে লাগানো যেতে পারে বলে মন্তব্য করেন অধ্যাপক দেলোয়ার।

“বিশ্বের অস্থিতিশীল পরিস্থিতিকে শান্ত করতে মাওয়ের থিওরি ও আদর্শকে কাজে লাগাতে হবে। তার দর্শন এখনও প্রাসঙ্গিক। ন্যায়বিচার প্রতিষ্ঠা ও বৈষম্যহীন সমাজ গঠনে সফল হয়েছেন তিনি।”

চীনের রাষ্ট্রদূত মা সিং চিয়াং বলেন, “মাও সে তুংয়ের সৃষ্টি করা রাষ্ট্রে জন্ম নিয়ে আমি গর্বিত। তার সৃষ্টি করা পার্টির সদস্য হতে পেরে গর্বিত।

“মাও পৃথিবীর এমন একজন নেতা যার কোনো ব্যক্তিগত সম্পত্তি ছিল না। আদর্শের জন্য সংগ্রাম করার কারণে পরিবারের ৬ সদস্যকে হারিয়েছেন, কিন্তু আপোষ করেননি।”

কৃষির উন্নয়নে মাও সে তুংয়ের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে তিনি বলেন, “চীন একটি কৃষিভিত্তিক দেশ। কৃষি অবকাঠমোর যাবতীয় উন্নয়ন হয়েছে মাও সে তুংয়ের শাসনামলে।”