২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুষ যেন চারগুণ না হয়: সুরঞ্জিত

সরকারি কর্মকর্তা-কর্মচারিদের বেতন দ্বিগুণ হওয়ায় সেবার পরিমাণ চারগুণ বাড়ানোর আহ্বান জানিয়ে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত ‘ঘুষ-দুর্নীতি’ বন্ধ করতে বলেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2015, 05:16 PM

Updated : 22 Aug 2022, 01:11 PM

মঙ্গলবার ঢাকায় এক আলোচনা সভায় তিনি বলেন, ‘‘বেতন যেমন দ্বিগুণ হয়েছে, আপনাদের সেবা যেন চার গুণ হয়, আমরা তাই আশা করি। তবে ঘুষের পরিমাণ যেন চারগুণ না হয়।’’‍

সর্বনিম্ন ৮ হাজার ২৫০ টাকা এবং সর্বোচ্চ ৭৮ হাজার মূল বেতন ধরে সোমবার নতুন এই বেতন কাঠামো অনুমোদন করেছে সরকার, যাতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের গ্রেডভেদে বেতন বেড়েছে ৯১ থেকে ১০১ শতাংশ পর্যন্ত। 

সর্বনিম্ন গ্রেডে বেতনের পরিমাণ আরও বাড়ানোর পক্ষে মত দিয়ে ক্ষমতাসীন দলের নেতা সুরঞ্জিত বলেন, ‘‘শুধু ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিকে খেয়াল করলে চলবে না, নিচের লোকজনের দিকেও নজর দিতে হবে। আমরা আশা করেছিলাম, নিচেরটা ৮ হাজার না হয়ে ২০ হাজার হবে।’’

নতুন বেতন-কাঠামোর সঙ্গে সমন্বয় করে বেসরকারি প্রতিষ্ঠানগুলোতেও বেতন বাড়ানোর আহ্বান জানান সুরঞ্জিত।

তিনি বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে পারলে সরকার এই বেতন কাঠামোর ‘সুফল’ পাবে।

স্বতন্ত্র বেতন কাঠামোর দাবি এবং নতুন বেতন কাঠামোয় সিলেকশন গ্রেড বাতিলের প্রতিবাদে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলনের বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে সুরঞ্জিত বলেন, “জাতীয় বেতন কাঠামোর এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ। শিক্ষকরা এই বেতন কাঠামোর সুবিধা পাবে না- তা হবে না।”

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত সাড়ে ৭ শতাংশ হারে ভ্যাট ‘বৈষম্যমূলক’ বলেও মন্তব্য করেন তিনি।

রাজধানীর কাকরাইলে ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে বঙ্গবন্ধু একাডেমী এই আলোচনার আয়োজন করে।

অন্যদের মধ্যে বঙ্গবন্ধু একাডেমীর উপদেষ্টা হাজী মো. সেলিম ও সাম্যবাদী দলের নেতা হারুন চৌধুরী আলোচনায় অংশ নেয়।