২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সামনে সময় ভালো নয়, নেতাকর্মীদের হান্নান শাহ

নেতাকর্মীদের সরকারবিরোধী আন্দোলনের প্রস্তুতি নিতে আহ্বান জানানোর পাশাপাশি সরকারের ‘দমনপীড়ন’ সম্পর্কে তাদের সতর্ক করেছেন বিএনপি নেতা হান্নান।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2015, 10:59 PM

Updated : 25 Apr 2022, 01:46 PM

মঙ্গলবার রাজধানীতে এক আলোচনা অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, “এই সরকার বাকশালের প্রেতাত্মা। জনগণের দ্বারা ভোটের মাধ্যমে প্রত্যাখ্যাত হয়ে তারা বিদায় নেবে। অথবা পার্শ্ববর্তী দেশে পালিয়ে যাবে। এই সরকারের অনেকে পার্শ্ববর্তী দেশের বেশ কয়েকটি জায়গায় ব্যাংক হিসাব খুলেছে। অনেক পাসপোর্টে ভিসা লাগিয়ে রেখেছে। তারা উড়াল দেওয়ার জন্য তৈরি হচ্ছেন।”

তবে ‘শেষ সময়ে’ সরকার দমনপীড়ন চালাবে বলে নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, “সামনে সময় ভালো নয়। এই সরকার বিচ্ছু প্রকৃতির। তারা পতনের আগে মরণ কামড় দেবে।”

দমনপীড়ন চললেও তাতে মনোবল হারানোর ‘কিছু নেই’ বলে নেতাকর্মীদের সাহস জোগান সাবেক সেনা কর্মকর্তা হান্নান শাহ।

“আমি ৬/৭ বার জেল খেটেছি। জেলে গেলে আমি শক্তিশালী হয়ে বেরিয়ে এসেছি। তাই যারা জেলে গেছে, তারাই বলেছে, মুক্তি পেয়ে আরও শক্তিশালী মন নিয়ে আন্দোলন চালিয়ে যাবে।”

সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আওয়ামী লীগের কয়েকজন নিহত হওয়ার ঘটনাকে রাজনৈতিক ‘উদ্দেশ্যপ্রণোদিত’ বলে মনে করেন হান্নান শাহ।

তিনি বলেন, “সোনার ছেলেদের অপকর্ম আড়াল করার জন্য বন্দুকযুদ্ধের মাধ্যমে তাদের হত্যা করা হয়েছে। ওইসব হত্যার পেছেনে একটা রাজনৈতিক উদ্দেশ্য আছে, তাহলো এরা যদি বেঁচে থাকে সরকার পরিবর্তন হলে তাদের সরকারের অপকর্ম ফাঁস করে দেবে।”

আওয়ামী লীগের জনসমর্থন ‘কমে যাওয়ায়’ মামলা প্রত্যাহারের ‘লোভ দেখিয়ে’ বিএনপির অনেক নেতাকে দলে ভেড়ানো হচ্ছে বলে অভিযোগ করেন হান্নান শাহ।

তিনি বলেন, “সরকারের জনপ্রিয়তা এতো কমে গেছে যে, এ নিয়ে দলটির প্রধান থেকে সবাই চিন্তিত। সেজন্য বিএনপিসহ বিরোধী দল যারা মামলায় জর্জরিত, যারা দুর্বলচিত্তের মানুষ তাদের ধরে এনে ভয় দেখিয়ে মামলা প্রত্যাহারের লোভ দেখিয়ে ফুলের মালা দিয়ে আওয়ামী লীগে যোগদান করানো হচ্ছে। এভাবে তাদের সংখ্যা বাড়ানো হচ্ছে। এতে কোনো লাভ হবে না।”

দশম সংসদ নির্বাচন ঠেকাতে এবং ওই নির্বাচনের বর্ষপূর্তি ঘিরে কয়েক মাস হরতাল-অবরোধ করে আসা বিএনপি জোটের নেতাকর্মীদের বিরুদ্ধে সারা দেশে নাশকতার মামলা রয়েছে। দেশের বিভিন্ন স্থানে বিএনপি ও এর জোটসঙ্গী বিভিন্ন দলের অনেক নেতাকে আওয়ামী লীগে যোগ দিতে দেখা গেছে।

‘জনসমর্থন কমায়’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের সামনে যেতে ‘ভয় পাচ্ছেন’ দাবি করে বিএনপির এই নেতা বলেন, “আমরা বিভিন্ন কার্যকলাপে দেখতে পাচ্ছি, বর্তমান প্রধানমন্ত্রীও জনগণকে এতটা ভয় পান যে উনি তাদের সামনে যেতে চান না। এর সর্বশেষ উদাহরণ সম্প্রতি ৬/৭ জায়গার ব্রিজ ও কালভার্ট উদ্বোধন করলেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে।

“ভিডিও কনফারেন্স বা সাংবাদিকদের ইন্টারভিউ দিয়ে যদি দেশ শাসন করা যায়, তাহলে সেই শাসন কতদিন টিকবে- তা নিয়ে সন্দেহ আছে। মাননীয় প্রধানমন্ত্রী এই কাজটি খামোখাই (অযথা) করছেন না। কারণ আওয়ামী লীগের জনসমর্থন এতোটাই কমে গেছে যে, তারা এখন জনগণের সামনে যেতে ভয় পায়।”

জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জাতীয়তাবাদী তৃণমূল দলের এই আলোচনা সভা হয়।

আলোচনায় স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, “এক/এগারোতে অনেক নেতা গ্রেপ্তার হয়েছেন, অনেকে গা ঢাকা দিয়েছেন। আবার ওই সময়কার মহাসচিব আবদুল মান্নান ভুঁইয়াসহ দুই শতাধিক নেতা দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। ওই ষড়যন্ত্র মোকাবিলা করেছিল আজকের এই তৃণমূল নেতা-কর্মীরা।

“আজকে পত্র-পত্রিকা-মিডিয়া ও সাংবাদিকরা যেসব খবর পরিবেশন করছেন, তাতে এক/এগারোয় যেমন কিছু লোক ষড়যন্ত্র করেছিল, ঠিক এখনও ওইরকম ষড়যন্ত্রকারী দলের উপরের নেতৃত্বের মধ্যে আনাগোনা করছে।”

“আমি তাদের সম্পর্কে স্পষ্টভাষায় বলতে চাই-একবার যারা দলের বিরুদ্ধে, নেতৃত্বের বিরুদ্ধে অপরাধ করেছিলেন, তারা দ্বিতীয় বার অপরাধ করলে ক্ষমা তো দূরের কথা রক্ষা করারও কোনো লোক পাওয়া যাবে না। ষড়যন্ত্রের মধ্য দিয়ে কারও আকাঙ্ক্ষা পূরণ কিংবা নিজের সম্পত্তি রক্ষার চেষ্টা করে লাভ হবে না।”

সংগঠনের সভাপতি হানিফ ব্যাপারীর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে জাতীয় পার্টির (কাজী জাফর নেতৃত্বাধীন) সভাপতিমণ্ডলীর সদস্য আহসান হাবিব লিংকন, যুব দলের সিনিয়র সহসভাপতি আবদুস সালাম আজাদ, সুপ্রিম কোর্টের আইনজীবী  জাতীয়তাবাদী তৃণমূল দলের সাধারণ সম্পাদক আকবর হোসেন ভুঁইয়া, সিনিয়র সহসভাপতি আবদুল হান্নান ফাত্তাহ খান প্রমুখ বক্তব্য রাখেন।