‘ব্যবসাবাজার’ নীতির কারণে পণ্যমূল্য বাড়ছে: বিএনপি
ব্যবসায়ীদের বেশি মুনাফার সুযোগ করে দেওয়ার সরকারি নীতির কারণে দেশে নিত্যপণ্যের দাম বাড়ছে বলে মনে করে বিএনপি।
মঙ্গলবার নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের পর এ মন্তব্য করেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
তিনি বলেন, “সরকার ব্যবসায়ীদের অবাধে মুনাফা লাভের সুবিধা করে দিতে চায়, যাকে মুক্তবাজার নয়, ব্যবসাবাজার বলা হয়।
“এতে দ্রব্যমূল্য বাড়ছে। আমরা আশা করব, সরকার এই ব্যবসাবাজার বন্ধ করে জনগণ যাতে ন্যায্যমূল্যে নিত্যপণ্য পায়, তার ব্যবস্থা নেবে।’’
জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের কবরে যান দলের নেতাকর্মীরা।
নজরুল ইসলাম খান বলেন, পণ্যের দাম বৃদ্ধি ঠেকাতে সরকারকে ‘পরিবহন চাঁদাবাজি’ বন্ধে ব্যবস্থা নিতে হবে।
গত কয়েকদিন ধরেই পেঁয়াজসহ বিভিন্ন নিত্যপণ্যের দাম বাড়ছে। এ অবস্থায় টিসিবির মাধ্যমে পেঁয়াজ আমদানি করার পাশাপাশি বাজারে নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।
১৯৭২-৭৫ সালে তৎকালীন সরকারকে উৎখাত ও বঙ্গবন্ধু হত্যার ক্ষেত্র প্রস্তুতে জাসদের ভূমিকা নিয়ে আওয়ামী লীগনেতা শেখ ফজলুল করিম সেলিমের তোলা প্রশ্নের প্রতিক্রিয়ায় তিনি বলেন, “বিএনপি একটি জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল। আমরা হত্যার রাজনীতি বিশ্বাস করি না। কাজেই বঙ্গবন্ধু থেকে শুরু করে সব হত্যার বিচার আমরা চাই।
“আওয়ামী লীগের সরকারে জাসদ অংশীদার। সেই জাসদের বিরুদ্ধে ক্ষমতাসীন দলের নেতৃবৃন্দ অভিযোগ করছেন। এখন সরকারে অধিষ্ঠিত আওয়ামী লীগ। যাকে হত্যা করা হয়েছে, তার কন্যা এখন প্রধানমন্ত্রী। এরপরে তিনি বিচার করবেন কি করবেন না, সেটা তাদের ব্যাপার।”
বর্তমানে যেসব হত্যাকাণ্ড ঘটছে- সেসব হত্যারও বিচার দাবি করেন তিনি।
দলের জাতীয় কাউন্সিল আয়োজনের বিষয়ে জানতে চাইলে নজরুল ইসলাম বলেন, “আমরা দল পুনর্গঠনের কাজ শুরু করেছি। চেষ্টা করছি, যত দ্রুত সম্ভব কাউন্সিল করতে। দিনক্ষণ চূড়ান্ত হলে তা গণমাধ্যমকে জানানো হবে।”
কল্যাণ পার্টির চেয়ারম্যান মুহাম্মদ ইবরাহিম, সাবেক সাংসদ শাহ আবু জাফর, মুক্তিযোদ্ধা দলের সভাপতি সৈয়দ ইশতিয়াক আজিজ উলফাত, সাধারণ সম্পাদক এসএম শফিউজ্জামান খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খানসহ কেন্দ্রীয় নেতারা এসময় তার সঙ্গে ছিলেন।
