‘মনের চিত্রপটে’ বঙ্গবন্ধুকে আঁকতে হবে: স্পিকার
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ‘মনহরণকারী’ ব্যক্তিত্বের অধিকারী ছিলেন মন্তব্য করে স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেছেন, তার আদর্শকে সত্যিকার অর্থে ধারণ করতে হলে ‘মনের চিত্রপটে’ তাকে আঁকতে হবে।
বঙ্গবন্ধুর ৪০তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রোববার বিকেলে জাতীয় শিল্পকলা একাডেমিতে ‘চিত্রপটে বঙ্গবন্ধু’ শীর্ষক শিল্পকর্ম প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।
শিল্পী কিরীটি রঞ্জন বিশ্বাসের ৪৪টি চিত্রকর্ম নিয়ে শিল্পকলা একাডেমি এ প্রদর্শনীর আয়োজন করেছে।
শিরীন শারমিন চৌধুরী বলেন, “শিল্পী কিরীটি রঞ্জন বিশ্বাস দীর্ঘদিন ধরে সময় নিয়ে, ভালোবাসা দিয়ে বঙ্গবন্ধুর চিত্রগুলো এঁকেছেন। কিন্তু আমরা যারা শিল্পী নই তারা তাকে মনের চিত্রপটে আঁকতে পারি। ভালোবাসা দিয়ে মনের গভীরে স্থান দিতে পারি।
“অনেক সময় ছবি ব্যক্তির সামগ্রিক বৈশিষ্ট্যকে এমনভাবে তুলে ধরতে পারে, যা বক্তৃতা দিয়ে সম্ভব হয় না।”
বঙ্গবন্ধুর রাজনৈতিক-অর্থনৈতিক মুক্তির চিন্তা ধারণ করে বর্তমান সরকার কাজ করছে বলে মন্তব্য করেন শিরীন শারমিন।
“ক্ষুধা-দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার দিকে এগিয়ে চলছি আমরা। দেশ এখন আর ‘তলাবিহীন ঝুড়ি নয়’, উন্নয়নের রোল মডেল।”
শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক আবুল বারকাত, শিল্পী অধ্যাপক আবুল বারক আলভী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, শিল্পী কিরীটি রঞ্জন বিশ্বাস প্রমুখ বক্তব্য দেন।
আগামী ৩১ অগাস্ট পর্যন্ত শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার গ্যালারি-৩ এ চিত্রকর্ম প্রদর্শনী চলবে।
