শওকত মাহমুদকে ৮০ দিন রিমান্ডে চায় পুলিশ
পল্টন ও মতিঝিল থানার মোট আটটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাংবাদিক ইউনিয়ন নেতা শওকত মাহমুদকে জিজ্ঞাসাবাদের জন্য ৮০ দিন হেফাজতে চেয়ে আদালতে আবেদন করেছে পুলিশ।
সোমবার ঢাকা মহানগর মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান এসব আবেদনের শুনানি নেবেন বলে শওকত মাহমুদের অন্যতম আইনজীবী মো. ফরিদুল ইসলাম রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
তিনি বলেন, “শওকত মাহমুদকে পল্টন থানার পাঁচটি এবং মতিঝিল থানার তিনটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ বিকালে বিভিন্ন তদন্ত কর্মকর্তা প্রত্যেক মামলায় ১০ দিন করে ৮০ দিনের রিমান্ডের আবেদন করেন।”
জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদকে গত ১৮ অগাস্ট গ্রেপ্তারের পর দিন আদালতের মাধ্যমে হেফাজতে নিয়েছিল পুলিশ। পল্টনে নাশকতার মামলায় তিন দিনের রিমান্ড শেষে গত শনিবার তাকে কারাগারে পাঠানো হয়।
রমনা থানার যে মামলায় সাংবাদিক নেতা শওকতকে রিমান্ডে নেওয়া হয়েছিল, সে মামলায় ঢাকার মহানগর দায়রা আদালতে জামিন চাওয়া হবে বলে জানিয়েছিলেন শওকতের আইনজীবীরা।
আগামী সোমবার ৮০ দিনের রিমান্ড আবেদনের শুনানির দিনই শওকতের পক্ষে জামিনের আবেদনটি করা হবে বলে জানিয়েছেন আইনজীবী ফরিদ।
শওকত মাহমুদকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে শনিবার গাজীপুরের কাশিমপুরের ঢাকা কেন্দ্রীয় কারাগার-২ এ স্থানান্তর করা হয়।
কারাগার-২ এর জেলার মো. নাসির আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ১১টার দিকে শওকত মাহমুদকে সেখানে পাঠানো হয়।
কাশিমপুরের এই কারাগারেই ডিভিশনপ্রাপ্ত বন্দি হিসেবে রাখা হয়েছে ‘আমার দেশ’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা মাহমুদুর রহমানকে।
আমার দেশের সম্পাদক পরিবর্তনের আগে কিছুকাল এই সংবাদপত্রটির নগর সম্পাদকের দায়িত্বে ছিলেন শওকত মাহমুদ।
