আইসিটির ৫৭ ধারা সাংঘর্ষিক নয়: ইকবাল সোবহান
তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারা সংবিধানের সঙ্গে কোনোভাবেই সাংঘর্ষিক নয় বলে দাবি করেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।
রোববার ফেনী শহরে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।
সম্প্রতি আইসিটি আইনের ৫৭ ধারায় সাংবাদিক প্রবীর সিকদারকে গ্রেপ্তারের পর বিষয়টি ব্যাপক আলোচনায় আসে। কেউ কেউ তা বাতিলেরও দাবি তোলেন।
ইকবাল সোবহান চৌধুরী বলেন, আজকে এ আইন নিয়ে যে আলোচনা হচ্ছে তার মধ্য দিয়ে প্রয়োজনে এ আইনকে আরও যুগোপযুগী করতে হলে বা গ্রহণযোগ্য করতে হলে সে উদ্যোগ নেওয়া হবে।
সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “মত প্রকাশের স্বাধীনতার নামে সাংবাদিক প্রবীর সিকদার আরেকজনের সম্মানের উপর যেভাবে আঘাত করেছেন সেটি সাংবাদিকতায় গ্রহণযোগ্য নয়।”
“গণমাধ্যমের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে অবশ্যই সজাগ থাকতে হবে।”
তবে আইনশৃঙ্খলা বাহিনী যেভাবে হাতকড়া পরিয়ে প্রবীর সিকদারকে আদালতে নিয়েছে সেটিও কোনোভাবেই ইতিবাচক নয় বলে মনে করেন তিনি।
প্রবীর সিকদারের জামিনে সরকার উদ্যোগ নিয়েছে বলেও জানান প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা।
সাংবাদিক শওকত মাহমুদকে গ্রেপ্তারের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, শওকত মাহমুদকে সাংবাদিক হিসেবে গ্রেপ্তার করা হয়নি। রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে তার বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিয়েছে।
সকালে প্রধান অতিথি হিসেবে ইকবাল সোবহান চৌধুরী ফিতা কেটে ফেনী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতালের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
ফেনী জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) আবু দাউদ মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল বোর্ডের চেয়ারম্যান দিলীপ কুমার রায়, সহকারী পুলিশ সুপার শাহরিয়ার আলম, ফেনী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা ডা. শহীদুল ইসলাম, ফেনী ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ফসিউল আলম, ফেনী প্রেসক্লাবের সভাপতি নুরুল করিম মজুমদার প্রমুখ।
