২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীকে বিভ্রান্ত করা হচ্ছে: রিপন

একুশে অগাস্টের গ্রেনেড হামলা নিয়ে একটি মহল প্রধানমন্ত্রীকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করছে বলে মনে করেন বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2015, 06:41 PM

Updated : 25 Apr 2022, 01:46 PM

এগার বছর আগের ওই হামলায় বিএনপি প্রধান খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানের জড়িত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে উদ্বেগও জানিয়েছে দলটি।

রোববার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিপন বলেন, “বঙ্গবন্ধু এভিনিউয়ে ২১ অগাস্ট গ্রেনেড হামলার ঘটনার সঙ্গে খালেদা জিয়া ও তারেক রহমান জড়িত- প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই পর্যবেক্ষণ সত্য নয়।

“সরকারের শীর্ষ পর্যায় থেকে মাননীয় প্রধানমন্ত্রী যখন এ ধরনের পর্যবেক্ষণ দেন, এটা অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজননক। আমরা এর তীব্র নিন্দা জানাই।”

“আমরা প্রধানমন্ত্রীকে বলতে চাই, হয়ত মহল বিশেষ আপনাকে এই তথ্য দিয়ে বিভ্রান্ত করেছে। এই তথ্য সত্য নয়। আমাদের দল হত্যার রাজনীতি বিশ্বাস করে না।”

বিএনপি-জামায়াত জোট সরকার আমলে ২০০৪ সালের ২১ অগাস্ট আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী সমাবেশে গ্রেনেড হামলায় কেন্দ্রীয় নেত্রী আইভি রহমানসহ ২৪ জন নিহত হন।

গত শুক্রবার গ্রেনেড হামলার দিবসের আলোচনা সভায় শেখ হাসিনা বলেন, এগার বছর আগে তাকে হত্যার জন্য গ্রেনেড হামলার পেছনে বিএনপি নেত্রী খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমান যে জড়িত ছিলেন, সে বিষয়ে তার কোনো ‘সন্দেহ নেই’।

প্রধানমন্ত্রীর এই বক্তব্য বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে আশঙ্কা প্রকাশ করেন রিপন।

২১ অগাস্টের গ্রেনেড হামলার মামলায় বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমান, তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও তৎকালীন উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুও বিচারের মুখোমুখি।  

রিপন বলেন, “আমাদের দল আগেও এই ঘটনার নিন্দা জানিয়েছে, এখনও আমরা নিন্দা জানাই। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, ওই ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত দোষীদের বিচারের আওতায় আনার ব্যাপার বিএনপির কোনো ভিন্নমত নেই।”

এই হামলার পর বিএনপি-জামায়াত জোট সরকার আমলে তদন্ত ভিন্ন খাতে প্রবাহিত করা হয় বলে পরে তদন্তে উঠে এসেছে। এই মামলার তৎকালীন তিন তদন্ত কর্মকর্তাও এখন আসামি।  

রিপন বলেন, “আমাদের দল যখন ক্ষমতায় ছিল, তখনকার পুলিশের আইজি আমাকে জানিয়েছেন, তখন তদন্ত প্রক্রিয়া চালু ছিল।”

‘এক বৃন্তে দুটি ফুল’

দুই দলকে অভিযোগ-পাল্টা অভিযোগ থেকে সরে আসার আহ্বান জানিয়ে এরশাদবিরোধী আন্দোলনের ছাত্রদলের নেতা রিপন খালেদা জিয়া ও শেখ হাসিনার এক হয়ে ১৯৯০ এর আন্দোলনের বিষয়টিও তুলে ধরেন।

দুই নেত্রীকে ‘একই বৃন্তে দুটি ফুল’ আখ্যায়িত করে তিনি বলেন, “আমি মনে করি, বিএনপিকে বাদ দিয়ে আওয়ামী লীগ চলতে পারবে না। আওয়ামী লীগকে বাদ দিয়ে বিএনপি চলতে পারবে না। বেগম খালেদা জিয়া ও শেখ হাসিনা একই বৃন্তে দুটি ফুল। এক ফুল ঝরে গেলে আরেক ফুল বাঁচবে না। দেশের রাজনীতি ও গণতন্ত্রের স্বার্থে এই দুই ফুলকে টিকিয়ে রাখতে হবে।”

রিপন বলেন, “আমরা বিশ্বাস করি, মহল বিশেষ উদ্দেশ্যমূলকভাবে দুটি দলের শীর্ষ নেতৃত্বের মধ্যে দূরত্ব সৃষ্টি বা বিভেদ যেন স্থায়ীভাবে সচল থাকে, তার একটি অপচেষ্টা করছে। যখনই দুই নেত্রী এক হয়েছেন, দুই দল এক হয়েছে, তখনই এদেশে সামরিক শাসনের অবসান ঘটেছে, ১/১১ এর অবসান হয়েছে।”