২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘোষণা

দলের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১ সেপ্টেম্বর দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2015, 05:21 PM

Updated : 22 Aug 2022, 01:04 PM

একইসঙ্গে দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে আলাদাভাবে দুই দিনের কর্মসূচি পালন করবে দলটি।

রোববার দুপুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কাযার্লয়ে দল ও সহযোগী সংগঠনগুলোর যৌথ সভায় এসব কর্মসূচি চূড়ান্ত হয়। পরে সংবাদ সম্মেলনে তা জানান দলের মুখপাত্র আসাদুজ্জামান রিপন।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির মধ্যে রয়েছে- ১ সেপ্টেম্বর ভোরে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, সকাল ১০টায় জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন এবং বিকালে কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা।

শেষ দুই কর্মসূচিতে থাকবেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া।

জিয়াউর রহমান সামরিক বাহিনীতে থাকা অবস্থায় ১৯৭৮ সালে তার তত্ত্বাবধানেই বিএনপির প্রতিষ্ঠা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী ছাড়াও তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে ৩ সেপ্টেম্বর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটশন মিলনায়তনে আলোচনা সভা করবে বিএনপি।

আর ১১ সেপ্টেম্বর খালেদা জিয়ার কারামুক্তি দিবস উপলক্ষে পরদিন রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করবে দলটি।

২০০৭ সালে সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর প্রথমে তারেক রহমান ও পরে খালেদা জিয়া গ্রেপ্তার হন।

রিপনের সভাপতিত্বে যৌথসভায় বিএনপির ফজলুল হক মিলন, হারুনুর রশীদ, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কবীর মুরাদ, সাখাওয়াত হোসেন জীবন, আবদুস সালাম আজাদ, আবদুল লতিফ জনি প্রমুখ অংশ নেন।