দলে সুযোগসন্ধানীদের নিয়ে সতর্ক করলেন নাসিম
খালেদা জিয়ার ‘ভুল রাজনীতির’ কারণে আওয়ামী লীগের শক্ত কোনো প্রতিপক্ষ না থাকায় সুবিধাভোগীরা দলের ভেতরে ঢুকে কোন্দল ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালাতে পারে বলে সতর্ক করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
শনিবার বিকালে মহানগর নাট্যমঞ্চে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নাসিম বলেন, “খালেদা জিয়ার ভুল রাজনীতির কারণে বিএনপি এখন ছিন্নভিন্ন হয়ে পড়েছে। রাজনীতিতে নেই কোনো শক্ত প্রতিপক্ষ।
“আর রাজনীতির মাঠ অনেকটা ফাঁকা থাকায় এখন নিজেদের মধ্যে দ্বন্দ্ব-সংঘাত ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হতে পারে। সুবিধাভোগীরা দলে অনুপ্রবেশ করে এ ধরনের অপচেষ্টা চালাবে।”
পঁচাত্তরের ১৫ অগাস্টের আগেও ঠিক একই অবস্থা সৃষ্টি হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, “তাই দলীয় নেতাকর্মীদের এখন সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। সুযোগসন্ধানী-মতলববাজদের কোনোভাবেই দলে প্রবেশ করানো যাবে না।
“আওয়ামী লীগ পরিবার অনেক বড় এবং অত্যন্ত সুশৃঙ্খল ও সুসংঠিত। অনেক ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মী আওয়ামী লীগে রয়েছে। তাই আপতত নতুন কাউকে এ পরিবারে অন্তর্ভুক্ত করে বিপদ ডেকে আনার প্রয়োজন নেই।
দম্ভের কারণে বিএনপি এখন ধ্বংসের পথে মন্তব্য করে আনন্দ-উল্লাস ও ক্ষমতার দম্ভ না দেখাতে নেতাকর্মীদের সতর্ক করেন আওয়ামী লীগের এই জ্যেষ্ঠ নেতা।
ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি বায়েজীদ আহমেদ খান সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, সাবেক খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব সাইফুজ্জামান শিখর, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক জাকির হোসাইন।
হেলালীকে দেখতে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী
ওলামা লীগের সভাপতি মাওলানা ইলিয়াস হোসাইন বিন হেলালীকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। মন্ত্রী তার চিকিৎসার খোঁজ-খবর নেন।
শুক্রবার জুমার নামাজ শেষে ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেইটে হেলালীকে পেছন থেকে ছুরি মারা হয়।
