২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কৃষকদের স্বার্থ দেখুন: কৃষক লীগকে আশরাফ

কৃষকদের স্বার্থ নিয়ে কথা বলতে সহযোগী সংগঠন কৃষক লীগের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2015, 02:20 PM

Updated : 25 Apr 2022, 01:46 PM

তিনি বলেছেন, “বেশিরভাগ গ্রামের মানুষই কৃষক। সেই জন্য তাদের কাছে যেতে হবে। আপনারা যারা কৃষক লীগের নেতৃত্বে আছেন কৃষকদের দিকে নজর দিন। তাদের স্বার্থের কথা তুলে ধরুন।”

১৫ অগাস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে শনিবার জাতীয় প্রেস ক্লাবে কৃষক লীগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

সৈয়দ আশরাফ বলেন, “কৃষিবিদরা যেমন কিংবদন্তি, কৃষকরাও তেমন কিংবদন্তি। সারাবাংলায় কৃষক লীগের সংগঠন গড়ে তুলতে হবে। কৃষকের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। তাদেরকে ঐক্যবদ্ধ রাখতে হবে।”

সহযোগী সংগঠনগুলো শক্তিশালী হলে আওয়ামী লীগ শক্তিশালী হবে, বলেন তিনি।

কৃষক লীগ সভাপতি মোতাহার হোসেন মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্মসাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বদিউজ্জামান, ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম প্রমুখ।