২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবরুদ্ধ গণতন্ত্রের বদ্ধ কপাট খুলে দিন: খালেদা

বর্তমানে দেশে গণতন্ত্র নেই অভিযোগ করে ‘অবরুদ্ধ গণতন্ত্রের বন্ধ কপাট’ খুলে দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2015, 12:45 AM

Updated : 25 Apr 2022, 01:46 PM

শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে কারাবন্দি নেতাদের মুক্তি দাবির পাশাপাশি এই আহ্বান জানান বিএনপি প্রধান।

বিবৃতিতে তিনি বলেন, “সরকারের ফ্যাসিবাদী ও অগণতান্ত্রিক ভূমিকা এবং দুর্বৃত্তায়ন এখন এমন পর্যায়ে পৌঁছেছে যার পরিণতিতে দেশের মানুষের দম বন্ধ হওয়ার উপক্রম। তারা বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে একে একে কারাগারে অন্তরীণ করে দলকে নেতৃত্ব শূন্য করার ষড়যন্ত্রে মেতে উঠেছে। প্রতিনিয়ত নেতাদের চরিত্রহননের হীন অপকর্ম চালিয়ে যাচ্ছে।”

কারাবন্দি নেতাকর্মীদের মুক্তি দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, সকল নেতা-কর্মীদের মুক্তি দিন। বিরোধী দলের কর্মসূচিতে বাধা দেওয়া বন্ধ করুন। দমন-নিপীড়নের পথ থেকে সরে এসে মৌলিক মানবাধিকারের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে অবরুদ্ধ গণতন্ত্রের বদ্ধ কপাট খুলে দিন।”

বিএনপির মুখপাত্রের দায়িত্বে থাকা আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপনের স্বাক্ষরিত বিবৃতিতে খালেদা জিয়া বলেন, “এই সরকার কোনোভাবেই জনগণের নির্বাচিত সরকার নয়। পাঁচ বছর ক্ষমতায় বহাল থাকার অনৈতিক আকাঙ্ক্ষায় তারা ‘জনগণ সকল ক্ষমতার উৎস’ এই সত্য কথাটি ক্রমাগত অস্বীকার করে চলেছে। কারণ তারা (সরকার) জানে তাদের সঙ্গে ব্যাপক সংখ্যাগরিষ্ঠ মানুষ নেই।

“বর্তমান সরকারকেও স্মরণ করিয়ে দিতে চাই, দমন-পীড়ন ও গ্রেপ্তার করে পৃথিবীতে কোনো ফ্যাসিস্ট সরকারই ক্ষমতা চিরস্থায়ী করতে পারেনি।”

২০১৪ সালের ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচন বর্জন করে আসা বিএনপি নেতৃত্বাধীন জোট অন্তর্বর্তী নির্বাচনের দাবিতে চলতি বছরের প্রথম তিন মাস অবরোধ-হরতাল করে। তাদের কর্মসূচিতে নাশকতায় শতাধিক মানুষের প্রাণহানি ও হাজারের বেশি মানুষ আহত হন।

নাশকতার এসব ঘটনায় সারা দেশে বিএনপির হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়, যা থেকে বাদ পড়েননি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও।

ওই সব মামলায় গ্রেপ্তার হয়ে অনেক নেতাকর্মী বর্তমানে কারাগারে আছেন। এছাড়া ২০০৪ সালের ২১ অগাস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে গ্রেনেড হামলায় ২৪ জনকে হত্যার মামলাসহ বিভিন্ন মামলায় বিএনপির জ্যেষ্ঠ কয়েকজন নেতা বর্তমানে কারাগারে আছেন।

এ প্রসঙ্গে খালেদা জিয়া বলেন, “আমরা দৃঢ়তার সঙ্গে বার বার ব্যক্ত করেছি, বিএনপি কখনও সন্ত্রাসের রাজনীতি করেনি এবং সন্ত্রাসীদের প্রশ্রয়ও দেয়নি। বিএনপি দেশের অবরুদ্ধ গণতন্ত্রকে মুক্ত করার লক্ষ্যে শান্তিপূর্ণ পথে গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছে।

“কিন্তু আমাদের শান্তিপূর্ণ আন্দোলন চলাকালে সরকারি এজেন্টগন ও শাসক দলীয় লোকেরাই সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়ে তার দায় বিরোধী দলের কাঁধে চাপানোর অপপ্রয়াস নিয়েছিল-তা আজ কারও অজানা নেই। বিগত আন্দোলনে সন্ত্রাসী ঘটনাগুলোর সঙ্গে শাসক দলের ক্যাডারদের জড়িত থাকার ঘটনার প্রতিবেদন তখনকার বহু পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছিল।”

বিবৃতিতে দলের জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেন, আবদুস সালাম পিন্টু, অধ্যাপক এম এ মান্নান, আমান উল্লাহ আমান, মিজানুর রহমান মিনু, রুহুল কবির রিজভী, লুৎফুজ্জামান বাবর, কেন্দ্রীয় নেতা মোজাহের আলী প্রধান, সৈয়দ আসিফা আশরাফি পাপিয়া, আরিফুল হক চৌধুরী, জি কে গউস, ছাত্রদল সভাপতি রাজীব আহসানসহ কারাবন্দি ২১ নেতার নাম উল্লেখ করে তাদের মুক্তি দাবি করা হয়।

এদের মধ্যে বিএনপি-জামায়াত জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু একুশে অগাস্ট গ্রেনেড হামলা মামলার আসামি।

ওই হামলার ১১ বছর পূর্তিতে শুক্রবার বঙ্গবন্ধু এভিনিউয়ে এক আলোচনায় হামলার পিছনে খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানের সম্পৃক্ততার অভিযোগ তোলেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, “১৫ অগাস্টের ঘটনার সাথে জিয়া যেমন জড়িত ছিল, ২১ অগাস্টের ঘটনার সাথে খালেদা জিয়া ও তার ছেলে জড়িত- তাতে কোনো সন্দেহ নেই।

“মানুষ খুন করাই তাদের চরিত্র। মানুষের ভালো চায় না, এটা আজ স্পষ্ট।”