২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিএনপি হারিয়ে যায়নি’

দেশে গণতন্ত্র নেই অভিযোগ করে বিএনপির একজন জ্যেষ্ঠ নেতা বলেছেন, নির্বাচন বয়কট করলেও তারাই ‘এক নম্বর’ দল; গণতন্ত্রও পুনরুদ্ধারেও তারাই থাকবেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2015, 09:58 PM

Updated : 22 Aug 2022, 01:03 PM

শুক্রবার বিকালে এক আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য জমিরউদ্দিন সরকার বলেন, “বিএনপি দেশের এক নম্বর দল। নির্বাচন করিনি বলে আমরা নেই- এটা ঠিক নয়। আমরা এখনও আছি, ইনশাল্লাহ থাকব।”

দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা ও তা পুনরুদ্ধারে বিএনপির ভূমিকা তুলে ধরে তিনি বলেন, “আমরাই বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলাম। দেশে আজ গণতন্ত্র নেই। আমরা বলতে চাই- বিএনপি যতক্ষণ আছে, গণতন্ত্র ফিরিয়ে আনতে কাজ করব।”

শুক্রবার বিকালে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে দলের প্রয়াত মহাসচিব ব্যারিস্টার আবদুস সালাম তালুকদারের ১৬তম মৃত্যবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

দলের স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান বলেন, “যে গণতন্ত্র আমরা মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জন করেছি, যে গণতন্ত্র স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে রক্ত দিয়ে পুনর্বহাল করেছি, আজ সেই গণতন্ত্র আবার অবরুদ্ধ।”

তিনি বলেন, “আজকে জনগণের নির্বাচিত সরকার ক্ষমতায় নেই। দেশে জনগণের সরকার না থাকার ফলেই শিশুহত্যা হচ্ছে, নারী নির্যাতন হচ্ছে, গুম-খুন বাড়ছে।”

গণতন্ত্রের জন্য সালাম তালুকদার সবসময় লড়াই করে গেছেন বলেও জানান বক্তারা।

আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক এমাজ উদ্দীন আহমেদ, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এএসএম আবদুল হালিম, কেন্দ্রীয় নেতা ফজলুল হক মিলন, আসাদুজ্জামান রিপন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সানাউল্লাহ মিয়া, সিরাজুল হক, হাবিবুর রহমান হাবিব, শিরিন সুলতানা, শামীমুর রহমান শামীম, এম রশিদুজ্জামান মিল্লাত, শামসুজ্জামান মেহেদী প্রমুখ।

অনুষ্ঠানে প্রয়াত মহাসচিব সালাম তালুকদারের স্ত্রী মাহমুদা তালুকদার, জামাতা মাহমুদ হাসান, সাবেক সাংসদ নিলোফার চৌধুরী মনি, মহিলা দলের নেত্রী ফরিদা ইয়াসমীন উপস্থিত ছিলেন।