বিনা বিচারে মারা অন্যায়: ড. কামাল
পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে কয়েকজন নিহতের প্রেক্ষাপটে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।
বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
বাংলাদেশ বার কাউন্সিলর নির্বাচনে আইনজীবী ঐক্য ফ্রন্টের পক্ষে প্রচারণার অংশ হিসেবে ‘আইনের শাসন ও বিচার বিভাগের স্বাধীনতা’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করা হয়।
সংবিধান প্রণয়ন কমিটির সদস্য কামাল বলেন, “আমি সরকার বা বিরোধী দলের বিরুদ্ধে না, আমি অন্যায়ের বিরুদ্ধে। বিনা বিচারে কাউকে মারা অন্যায়। এমনকি সে যদি সরকারি দলও করে।”
ঢাকায় কথিত বন্দুকযুদ্ধে ছাত্রলীগ নেতা নিহত হওয়ার ঘটনাকে আওয়ামী লীগ সংসদ সদস্য ফজলে নূর তাপসের হত্যাকাণ্ড বলে দাবি করেছেন।
সেদিকে ইঙ্গিত করে কামাল বলেন, “সরকারি দলের সাংসদও বলেছেন, এটা অন্যায়। একটা ঐকমত্য দেশে কিন্তু হয়ে যাচ্ছে। কারও যদি বিবেক একেবারে ধ্বংস হয়ে না যায়, তাহলে অন্যায়কে অন্যায় বলতে হবে। অন্যায়কে অন্যায় বলার ক্ষমতা যদি হারিয়ে যায়, আমরা বোবা-অন্ধ হয়ে যাব।”
আইনজীবীদের উদ্দেশে তিনি বলেন, “তোমার দল যদি বিনা বিচারে খুন করে, আগুন দিয়ে মানুষ পোড়ায়। সেগুলো সমর্থন করা যায় না, করা উচিত না।
“বিনা বিচারে হত্যা বন্ধ হোক। এটা সর্বসম্মতক্রমে আপনারা সিদ্ধান্ত নিন। পাঁচ জনকে নিয়েও যদি সামনে যাই দেখবেন ঐক্য গড়ে ওঠবে।”
এই প্রসঙ্গে সাংবাদিক প্রবীর সিকদারের মুক্তির বিষয়টি তুলে ধরেন গণফোরাম সভাপতি।
“কত জায়গা থেকে যে প্রতিবাদ এসেছে। তাকে মুক্তি দিয়ে দিল। এটা আমাদের নিজেদের শক্তি। স্বাধীন নাগরিকের শক্তি।”
বঙ্গবন্ধুকে ‘জাতির সম্পদ’ অভিহিত করে এক সময়ের এই আওয়ামী লীগ নেতা বলেন, “মুজিব ভাই বলতেন- গরুর মাথা, ছাগলের মাথা কেনা যায়, মানুষের মাথা কেনা যায় না। তিনি শুধু মুখে বলেননি, প্রমাণ করে দেখিয়েছেন। বারবার প্রধানমন্ত্রিত্ব প্রত্যা্যিান করেছেন। উনার মাথা কেউ কিনতে পারেনি।”
জাতির জনকের জন্য শোক জানাতে বিলবোর্ডে আত্মপ্রচারের সমালোচনাও করেন বঙ্গবন্ধু সরকারের মন্ত্রী কামাল।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সমিতির সহ-সভাপতি আফাজুর রহমানের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক এনামুল হকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন আইনজীবী ঐক্য ফ্রন্টের প্রার্থী সুব্রত চৌধুরী, এ কে এম জগলুল হায়দার আফ্রিক, মো. হেলাল উদ্দিন ও আব্দুর রহমান জাহাঙ্গীর।
