২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনে আস্থা নেই বলে ভোটে জয়ীদের বরখাস্ত: বিএনপি

স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধিদের বরখাস্তের প্রতিবাদ জানিয়েছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2015, 08:07 PM

Updated : 22 Aug 2022, 01:03 PM

দলটির মুখপাত্র আসাদুজ্জামান রিপন বলেছেন, নির্বাচনে আস্থা নেই বলে ভোটে জয়ীদের বরখাস্ত করছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার।

গাজীপুর সিটি করপোরেশনের মেয়র বিএনপি নেতা এম এ মান্নানকে বরখাস্তের পরদিন এক সংবাদ সম্মেলনে একথা বলেন রিপন।

ফৌজদারি মামলায় অভিযোগপত্রভুক্ত আসামি হওয়ার পর স্থানীয় সরকার অধ্যাদেশ (সিটি করপোরেশন ) অনুযায়ী মান্নানকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার বিভাগ।

একই কারণে এর আগে রাজশাহী সিটি করেপোরেশনের মেয়র মোসাদ্দেন হোসেন বুলবুল এবং সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে বরখাস্ত করা হয়। তারাও বিএনপি নেতা।

নয়া পল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিপন দাবি করেন, গত জুলাই পর্যন্ত সারাদেশে বিরোধী দলের ৫৩৮ জন মেয়র, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানসহ জনপ্রতিনিধিদের সরকার বরখাস্ত করেছে।

“সেখানে সরকার তাদের অনুগত লোকদের বসাচ্ছেন। এভাবে তারা দলীয়করণ করে স্থানীয় সরকার ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে,” বলেন তিনি।

স্থানীয় সরকার আইনে নির্বাচিত প্রতিনিধিদের অপসারণের বিদ্যমান ধারা বাতিলের দাবি জানিয়ে রিপন বরখাস্ত সবাইকে পুনর্বহালের আহ্বান জানান।

“সরকারের প্রতি আমাদের আবেদন, যে কুখ্যাত ধারার সাহায্য নিয়ে তারা স্থানীয় সরকার ব্যবস্থায় হাত দিচ্ছেন, নিজেদের পছন্দ না হলে নির্বাচিত মেয়র, নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের অপসারণ করেছেন, বরখাস্ত করছেন, তা বাতিল করতে হবে।”

সংবাদ সম্মেলনে বক্তব্যে পটুয়াখালীর বাহুবলের উপজেলার কেশবপুর ইউনিয়ন বিএনপি যুগ্ম আহ্বায়ক শামীমুর হোসেন এবং চট্টগ্রামের পাহাড়তলীর যুবদল নেতা ছায়েদুল হত্যাকাণ্ডের নিন্দা জানানো হয়।

চাঁদপুর যুবদলের সাধারণ সম্পাদক আফজাল এবং বাগেরহাট যুবদল সভাপতি মাহবুবুল হক কিশোরের মুক্তির দাবিও জানান রিপন।