দল গোছাতে বাধা দিতে নেতাদের গ্রেপ্তার: নজরুল
বিএনপি নেতা নজরুল ইসলাম খান অভিযোগ করেছেন, দল গোছানোর কাজ ব্যাহত করতে নেতাদের গ্রেপ্তার করছে সরকার।
দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশে তৃণমূল পর্যায়ে কমিটি গঠনের প্রক্রিয়া শুরুর পর বুধবার এক কর্মসূচিতে সাংবাদিকদের সঙ্গে কথায় এই অভিযোগ করেন তিনি।
নতুনভাবে কমিটি গঠনের জন্য গত ৯ অগাস্ট বিএনপির কেন্দ্র থেকে ৭৫ সাংগঠনিক জেলায় চিঠি পাঠানো হয়। যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান স্বাক্ষরিত এই চিঠিতে জেলা কমিটিগুলোকে তার অধীনস্ত কমিটির গঠনের কাজ শেষ করতে ৩০ সেপ্টেম্বর সময় সীমা বেঁধে দেওয়া হয়েছে।
বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের কবরে ফুল দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নজরুল।
তিনি বলেন, “আমাদের নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে অনেককে গ্রেপ্তার করে রাখা হয়েছে, অনেককে গ্রেপ্তার করা হচ্ছে।”
মঙ্গলবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার এবং চাঁদপুর জেলা সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিককে কারাগারে পাঠায় আদালত। ওই দিন গ্রেপ্তার করা হয় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদকে।
স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, সাধারণ সম্পাদক মীর সরফত আলী সপু, সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবুর হুলিয়ার কারণে প্রকাশ্যে আসতে না পারার কথাও বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল।
“উদ্দেশ্য একটাই, নেতাদের গ্রেপ্তার করে দল পুনর্গঠনের কাজে বাধা সৃষ্টি করা। সরকার নানাভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আমাদের গণতান্ত্রিক কার্যক্রমে বাধা দিচ্ছে,” বলেন তিনি।
বিএনপির কেন্দ্রীয় কাউন্সিল কবে হবে- জানতে চাইলে স্থায়ী কমিটির এই সদস্য বলেন, “জেলা কমিটি গঠিত হওয়ার পরেই কাউন্সিল গঠনের ব্যাপারটা আসবে।”
এর আগে প্রস্তুতি নিলেও সরকারের বাধার কারণে কাউন্সিল করা যায়নি বলে অভিযোগ করেন তিনি।
সরকারের সমালোচনা করে নজরুল বলেন, “আজ দেশে জনগণের নির্বাচিত সরকার ক্ষমতায় নেই। কৌশলে ক্ষমতাকে কুক্ষিগত করে রাখা হয়েছে।”
নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নতুন করে নির্বাচনের দাবি আবারও জানান তিনি।
ফুল দেওয়ার সময় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি মুনির হোসেন, সহসভাপতি সাইফুল ইসলাম পটু, কেন্দ্রীয় নেতা ইয়াসীন আলী, সাহাবুদ্দিন মুনা, লিটন মাহমুদ, ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল, পারভেজ আল বাকী, আনু মোহাম্মদ শামীম, সর্দার জামান, আক্তারুজ্জামান বাচ্চু উপস্থিত ছিলেন।
নয়া পল্টনে মিলাদ
প্রয়াত মহাসচিব আব্দুস সালাম তালুকদার এবং চেয়ারপারসনের উপদেষ্টা মোশাররফ হোসেনের জন্য বুধবার বিকালে নয়া পল্টনে কার্যালয়ে মিলাদ আয়োজন করে বিএনপি।
মিলাদ শেষে প্রয়াত এই দুই নেতার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মিলাদে দলের সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, গোলাম আকবর খোন্দকার, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন, কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান হাবিব, আবদুল লতিফ জনি, আসাদুল করীম শাহিন, শামীমুর রহমান শামীম, রফিক শিকদার, আনোয়ার হোসাইন, হাফেজ আবদুল মালেক উপস্থিত ছিলেন।
আগামী ২০ অগাস্ট সালাম তালুকদারের ১৬ তম মৃত্যুবার্ষিকী। দিবসটি পালনে ব্যারিস্টার সালাম তালুকদার স্মৃতি সংসদের উদ্যোগে বৃহস্পতিবার জামালপুরে তার বাড়িতে আলোচনা সভা হবে।
১৯ অগাস্ট ছিল ফেনী জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ মোশাররফ হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী। তিনি গতবছর মারা যান।
