২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপরাধীর দল বিবেচনা করা হবে না: কাদের

ক্রসফায়ারে ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠনের কয়েকজন নেতা-কর্মীর মৃত্যুর ঘটনাকে ইঙ্গিত করে সড়ক, পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অপরাধী যে দলেরই হোক কোন ধরনের ছাড় দেওয়া হবে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2015, 08:34 PM

Updated : 25 Apr 2022, 01:45 PM

বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

কাদের বলেন, “১৫ অগাস্টের ধারাবাহিকতাই ২১ অগাস্ট। সেখানে প্রাইম টার্গেট ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৫ অগাস্টে শেখ ফজলুল হক মনির অন্তঃসত্ত্বা স্ত্রীকেও ঘাতকরা গুলি করেছিল। শিশু রাসেলকে হত্যা করেছিল।”

৩৭ বছর আগে কেউ ওই ঘটনার প্রতিবাদ না করায় ক্ষোভ প্রকাশ করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, “সাম্প্রতিক সময়ে যে হত্যার ঘটনাগুলো ঘটেছে তারও বিচার হবে।

“আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশনা দেওয়া আছে। অন্তঃসত্ত্বা নারীকে গুলি করে কেউ পার পেয়ে যাবে না।”

২১ অগাস্ট গ্রেনেড হামলার ঘটনার প্রতিবাদে ওই আলোচনা সভার আয়োজন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।

গত এক সপ্তাহে র‌্যাব ও পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে অন্তত তিনজন নিহত হন এবং এই তিনজনই ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মী।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে সাবেক ছাত্রলীগ সভাপতি কাদের বলেন, “সমাজের মধ্যে একটি অপরাধের বিচার না হলে আরেকটি অপরাধ প্রতিষ্ঠিত হয়। দল করবেন আর দলের শৃঙ্খলা মানবেন না, তা মানা যায় না।”

আলোচনা সভায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি মো. ফারুক, সিনিয়র সহসভাপতি ফয়েজ মিয়া, যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান হাবিব উপস্থিত ছিলেন।