২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির খন্দকার মোশাররফের জামিন

মুদ্রা পাচার মামলায় শর্ত সাপেক্ষে হাই কোর্ট থেকে জামিন পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2015, 05:08 PM

Updated : 25 Apr 2022, 01:45 PM

তার আইনজীবী ব্যারিস্টার খন্দকার মারুফ হোসেন বলেছেন, জামিন হওয়ায় এই বিএনপি নেতার মুক্তি পেতে আর কোনো আইনি ‘বাধা নেই’।

বিচারিক আদালতে জামিন নাকচের আদেশের বিরুদ্ধে খন্দকার মোশাররফের আপিল আবেদনের শুনানি করে বুধবার বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর হাই কোর্ট বেঞ্চ এই আদেশ দেয়।

খন্দকার মোশাররফের পক্ষে শুনানি করেন নিতাই রায় চৌধুরী; সঙ্গে ছিলেন আইনজীবী নাজমুল হুদা ও ব্যারিস্টার মারুফ হোসেন।

রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম; দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান।

আদেশের পর মারুফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “খন্দকার মোশাররফের পাসপোর্ট সংশ্লিষ্ট আদালতে জমা দিতে হবে। আদালতের অনুমতি ছাড়া তিনি বিদেশ যেতে পারবেন না। এছাড়া তার যে ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে, সেই হিসাবে কোনো লেনদেন করা যাবে না।”

দুদকের আইনজীবী খুরশিদ আলম বলেন, “আদালত দ্রুত আইনানুগভাবে বিচারিক আদালতে মামলাটি নিস্পত্তি করতে বলেছেন।”

হাই কোর্টের এই জামিন আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে বলেও তিনি জানান।

গতবছর ২০ নভেম্বর ঢাকার বিশেষ দায়রা জজ আদালত খন্দকার মোশাররফের জামিন নাকচ করে। ওই আদেশের বিরুদ্ধে ৯ ডিসেম্বর হাই কোর্টে আপিল করেন এই বিএনপি নেতা। শুনানি শেষে বুধবার আদালত জামিন মঞ্জুর করে।

২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত স্বাস্থ্যমন্ত্রী থাকাকালে ৯ কোটি ৫৩ লাখ ৯৫ হাজার টাকা পাচারের অভিযোগে ২০১৪ সালের ৬ ফেব্রুয়ারি খন্দকার মোশাররফের বিরুদ্ধে এই মামলা করে দুদক।

মামলা হওয়ার পর তিনি হাই কোর্ট থেকে আগাম জামিন নিলেও আপিল বিভাগ পরে তা বাতিল করে। এরপর গতবছর ১২ মার্চ গুলশানের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

খন্দকার মোশাররফের দাবি, মামলায় যে অর্থ পাচারের কথা বলা হয়েছে তা অবৈধভাবে অর্জিত নয়, পাচারও করা হয়নি।

১৯৬৯ থেকে ১৯৭৩ সাল পর্যন্ত লন্ডনে লেখাপড়া করার সময় তিনি যে অর্থ আয় করেছিলেন তা পরে যুক্তরাজ্যের পুঁজিবাজারে বিনিয়োগ করেন। ওই অর্থই এত বছরে প্রায় সাড়ে ৯ কোটি টাকা হয়েছে বলে মোশাররফের দাবি।