২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনৈতিক প্রতিহিংসা থেকে জ্যেষ্ঠ নেতাদের গ্রেপ্তার: বিএনপি

রাজনৈতিক প্রতিহিংসা থেকে দলের জ্যেষ্ঠ নেতাদের গ্রেপ্তার ও কারাগারে পাঠানো হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2015, 09:41 PM

Updated : 22 Aug 2022, 01:02 PM

মঙ্গলবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার ও কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ ফরিদ আহমেদ মানিককে কারাগারে পাঠানো এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদকে গ্রেপ্তারের প্রতিক্রিয়ায় এই অভিযোগ করেছে দলটি।

বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন বিকালে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, “এটা দুঃজনক, উদ্বেগের।

“রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে বিরোধী দলের নেতারা আটক হচ্ছেন, মামলার মুখে পড়েছেন ও কারাগারে যাচ্ছেন। সরকারের কাছে অনুরোধ জানাব- প্রতিহিংসার পথ পরিহার করুন, সুস্থ রাজনৈতিক ধারার সূচনা করেন।”

মঙ্গলবার সকালে পান্থপথের সামুরাই কনভেনশন সেন্টারে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনের পরাজিত প্রার্থী তাবিথ আউয়ালের সংবাদ সম্মেলনে যাওয়ার পথে শওকত মাহমুদকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

অন্যদিকে এক মামলায় কুমিল্লার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হলে এমকে আনোয়ারকে জামিন না দিয়ে জেলে পাঠানো হয়। একইভাবে চাঁদপুরের একটি আদালতে হাজির হলে ফরিদ আহমেদ মানিককে কারাগারে পাঠায় আদালত।

সংবাদ সম্মেলনে রিপন বলেন, “এমকে আনোয়ার একজন প্রবীণ নাগরিক, সৎ রাজনীতিক। ৮৩-৮৪ বছর বয়স্ক মানুষের জেলে থাকা খুবই কষ্টকর। বিষয়গুলো আদালত বিবেচনায় নিলে আমরা খুশি হতাম।

“যখন রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল আছে এবং রাজনৈতিক নেতারা আইনের প্রতি শ্রদ্ধাশীল দেখিয়ে যখন নিজেদের সমর্পণ করেন, তখন আদালত তাদের জেলে পাঠিয়ে দিচ্ছেন।

“আমরা আদালতের কাছে প্রত্যাশা করব-আদালত আমাদের অসুস্থ, বন্দি নেতাদের প্রতি সুবিচার করবেন। তাদের জামিন দিলে তারা বিচার প্রক্রিয়ায় বাধার কোনো কারণ হবেন না। আমরা আদালতের কাছে ন্যায়বিচার প্রত্যাশী।”

যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, রুহুল কবির রিজভী, সাবেক সাংসদ সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া, আবুল কালাম আজাদসহ বন্দি নেতাদের মুক্তির দাবি জানান বিএনপির মুখপাত্র।