প্রণব মুখোপাধ্যায়ের স্ত্রীর মৃত্যুতে খালেদার শোক
ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের স্ত্রী শুভ্রা মুখোপাধ্যায়ের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
এক শোকবার্তায় তিনি বলেন, “ভারতের রাষ্ট্রপতির স্ত্রী শুভ্রা মুখোপাধ্যায় এর প্রয়াণে ভারতের জনগণের মতো আমিও শোকাভিভূত। এই শোকের মুহূর্তে ভারতের জনগণের সঙ্গে আমরা একাত্ম।”
একই সঙ্গে শুভ্রা মুখোপাধ্যায়ের আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান সাবেক প্রধানমন্ত্রী খালেদা।
শুভ্রা মুখোপাধ্যায়ের কর্মময় জীবনের কথা তুলে ধরে শোকবার্তায় তিনি বলেন, “বাংলাদেশের নড়াইল জেলার কন্যা শুভ্রা মুখোপাধ্যায় ভারতের কিংবদন্তীতুল্য রাজনীতিক প্রণব মুখোপাধ্যায়ের স্ত্রীর পরিচয়ের বাইরেও একজন চিত্রশিল্পী ও সুলেখিকা হিসেবেও পরিচিতি পেয়েছিলেন। তার লেখা দুইটি বই ‘চোখের আলোয়’ এবং ‘চেনা-অচেনায় চিন’ পাঠকপ্রিয়তা পেয়েছিল। আমরা অনেকেই জানি, তিনি জীবদ্দশায় একজন প্রতিথযশা আবৃত্তিকার ছিলেন। রবীন্দ্র সঙ্গীতেও তার পারদর্শিতার কথা সুবিদিত।”
মঙ্গলবার শুভ্রা মুখোপাধ্যায় মারা যান। তার বয়স হয়েছিল ৭৪ বছর। বেশ কিছুদিন ধরেই শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যায় ভুগছিলেন তিনি।
বাংলাদেশের নড়াইলের ভদ্রবিলা গ্রামে শুভ্রা মুখোপাধ্যায়ের জন্ম। তার বাবা অমরেন্দ্র ঘোষ। তার ভাই-বোনের মধ্যে শুধু কানাইলাল ঘোষ বর্তমানে ভদ্রবিলায় বসবাস করেন।
